উত্তাল গাজীপুর, নতুন করে ২৯ পোশাক কারখানা বন্ধ ঘোষণা
উত্তাল গাজীপুর, নতুন করে ২৯ পোশাক কারখানা বন্ধ ঘোষণা   ছবি : সংগৃহীত

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণসহ বিভিন্ন দাবিতে শ্রমিক আন্দোলন অব্যাহত থাকায় গাজীপুরের বিভিন্ন এলাকায় নতুন করে ২৯টি পোশাক কারখানা বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এর মধ্যে শনিবার রাতে ১৩টি এবং রোববার সকালে আরও ১৬টি কারখানা বন্ধের নোটিশ দেওয়া হয়।

গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার আমজাদ হোসাইন জানান, রোববার (১৫ নভেম্বর) সকালে কয়েকটি এলাকায় শ্রমিকেরা আন্দোলনের চেষ্টা করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদের সরিয়ে দেন। এর আগে শনিবার রাতেই ১৩টি কারখানার শ্রমিকদের রোববার থেকে কারখানা বন্ধ থাকার বিষয়টি জানানো হয়। পরে সকালে আরও ১৬টি কারখানা বন্ধ ঘোষণা করা হয়।

সকালে কাজে যোগ দিতে এসে কারখানার ফটকে বন্ধের নোটিশ দেখতে পান শ্রমিকেরা। ফলে কর্মস্থলে প্রবেশ না করেই ফিরে যেতে হয় তাদের। কেউ কেউ দীর্ঘসময় অপেক্ষা করেও কারখানা চালুর বিষয়ে কোনো নিশ্চয়তা পাননি।

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে কয়েক দিন ধরে গাজীপুরসহ দেশের বিভিন্ন শিল্পাঞ্চলে বিক্ষোভ, সড়ক অবরোধ ও ভাঙচুরের ঘটনা ঘটছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিভিন্ন এলাকায় পুলিশ, এসআরবি, আনসার ও বিজিবি মোতায়েন করা হয়েছে।

এদিকে শ্রমিক অসন্তোষের পরিপ্রেক্ষিতে শনিবার ঢাকায় সংবাদ সম্মেলন করে পোশাকশিল্প মালিকদের দুই সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএ। তারা জানায়, কোনো কারখানায় শ্রমিক অসন্তোষ দেখা দিলে এবং শ্রমিকেরা কাজে যোগ না দিলে মালিকপক্ষ কারখানা বন্ধ রাখতে বাধ্য হবে।

বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান বাবু বলেন, শিল্পের নিরাপত্তা ও উৎপাদনের উপযোগী পরিবেশ না থাকায় সংশ্লিষ্ট এলাকার কারখানাগুলো চালু রাখা সম্ভব হচ্ছে না। এ কারণে চলমান শ্রম অসন্তোষে উৎপাদন ব্যাহত হওয়া কারখানাগুলো বাংলাদেশ শ্রম আইনের ১৩(১) ধারা অনুযায়ী ১৫ নভেম্বর থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শ্রম আইনের ১৩(১) ধারায় বলা হয়েছে, কোনো প্রতিষ্ঠানের শাখা বা বিভাগে বেআইনি ধর্মঘট হলে মালিক চাইলে ওই শাখা অথবা পুরো প্রতিষ্ঠান আংশিক কিংবা সম্পূর্ণ বন্ধ রাখতে পারবেন। এ ধরনের বন্ধের সময় ধর্মঘটে অংশ নেওয়া শ্রমিকেরা কোনো মজুরি পাবেন না।

গত মাসের শেষদিকে ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে আন্দোলনে নামেন পোশাকশ্রমিকেরা। রাজধানীর মিরপুর, গাজীপুর, সাভার, আশুলিয়া ও নারায়ণগঞ্জে ছড়িয়ে পড়া এ আন্দোলন একপর্যায়ে সহিংসতায় রূপ নেয়। এতে একজন শ্রমিক নিহত হন।

শনিবারও গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন পোশাকশ্রমিকেরা। একই দিন সাভারের আশুলিয়া শিল্পাঞ্চলে ৪০টি তৈরি পোশাক কারখানা বন্ধ ঘোষণা করে মালিকপক্ষ। এ ছাড়া আরও সাতটি কারখানায় এক দিনের ছুটি ঘোষণা করা হয়।

শ্রমিকদের মজুরি নির্ধারণের লক্ষ্যে গত ১ নভেম্বর সরকার নিম্নতম মজুরি বোর্ড গঠন করে। গত সোমবার বোর্ডের দ্বিতীয় বৈঠকে শ্রমিকপক্ষের প্রতিনিধি ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব দেন। সোমবার বোর্ডের তৃতীয় বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।