আওয়ামী লীগ নেতা নানককে ফেসবুক লাইভে গালিগালাজ ও মাঠে নামার চ্যালেঞ্জ জানানোর পর অ্যাডভোকেট এম কামাল উদ্দিনকে হেফাজতে নিয়েছে পুলিশ। সম্প্রতি নিজেকে ‘বাংলাদেশ নন-পলাতক আওয়ামী লীগ’-এর সভাপতি দাবি করে আলোচনায় আসা এই আইনজীবীর বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর শুক্রবার দিবাগত রাতে তাকে আটক করা হয়।
শুক্রবার (১৩ নভেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার সিডিএ মইজ্জারটেক এলাকার একটি ভাড়া বাসা থেকে তাকে হেফাজতে নেয় পুলিশ।
নিষিদ্ধ আওয়ামী লীগ ১৪, ১৫ ও ১৬ নভেম্বর বিভিন্ন কর্মসূচি ঘোষণা করে। পাশাপাশি ১৯ নভেম্বর লকডাউন কর্মসূচির ঘোষণাও দেয় দলটি। এসব কর্মসূচি ঘোষণার পর আওয়ামী লীগ নেতা নানকের উদ্দেশে ফেসবুক লাইভে এসে বিভিন্ন ধরনের গালিগালাজ করেন কামাল উদ্দিন। একই সঙ্গে এসব কর্মসূচিতে কেউ মাঠে নামবে না বলে মন্তব্য করেন তিনি। নানককে মাঠে নামার চ্যালেঞ্জ জানানোর পাশাপাশি তাকে নিয়ে নানা আপত্তিকর মন্তব্য করেন কামাল। তার এসব বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
২০২৪ সালের ৫ আগস্টের পর আত্মগোপনে থাকা আওয়ামী লীগ নেতাদের সমালোচনা করে গত অক্টোবরে ‘বাংলাদেশ নন-পলাতক আওয়ামী লীগ’ নামে একটি কমিটি গঠনের ঘোষণা দেন কামাল উদ্দিন। নিজেকে ওই কমিটির সভাপতি পরিচয় দিয়ে তাঁর দেওয়া বক্তব্যের ভিডিও ফেসবুক ও টিকটকে ছড়িয়ে পড়লে আলোচনায় আসেন তিনি।
কামাল উদ্দিন চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগের বহিষ্কৃত আইনবিষয়ক সম্পাদক। তিনি চট্টগ্রাম আদালতের সাবেক অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি)। এর আগে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) প্যানেল আইনজীবী হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার রাতে সিডিএ মইজ্জারটেক এলাকার একটি ভাড়া বাসায় অবস্থান করছিলেন কামাল উদ্দিন। তাঁর অবস্থানের খবর পেয়ে কয়েকজন ব্যক্তি বাসাটি ঘেরাও করেন। পরে তাঁকে আটক করে পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁকে হেফাজতে নেয়।
এ বিষয়ে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর আহমেদ বলেন, ‘অ্যাডভোকেট কামাল উদ্দিনকে আটক করা হয়েছে। তিনি আমাদের হেফাজতে রয়েছেন।’
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!