বগুড়ার উন্নয়নে এক বিন্দুও ছাড় নয়: প্রতিমন্ত্রী শাহে আলম
বগুড়ার উন্নয়নে এক বিন্দুও ছাড় নয়: প্রতিমন্ত্রী শাহে আলম।   ছবি: সংগৃহীত

বগুড়ার উন্নয়নে এক বিন্দুও ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেছেন, বট ও গুপ্ত শুধু জামায়াত-শিবির কিংবা আওয়ামী লীগে নয়, আমাদের মধ্যেও আছে।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) বগুড়ার পাঁচ তারকা হোটেল মম ইনে ‘বগুড়ার উন্নয়ন সম্ভাবনা ও চ্যালেঞ্জ’ শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন। দৈনিক বাংলাদেশ প্রতিদিন এ সেমিনারের আয়োজন করে। 

মীর শাহে আলম বলেন, গত ২০ বছরে বগুড়ার মানুষ উন্নয়ন থেকে বঞ্চিত হয়েছেন। আওয়ামী লীগ সরকার উত্তরাঞ্চলের মানুষকে উন্নয়নের নামে ধোঁকা দিয়েছে। ওয়ান ইলেভেনের সরকারও ছিল ভয়ংকর স্বৈরাচার। তাদের কর্মকাণ্ড ভুলে যাওয়ার সুযোগ নেই।

তিনি বলেন, বর্তমান সরকারের বয়স মাত্র সাত মাস। প্রধানমন্ত্রী তারেক রহমান সমতাভিত্তিক উন্নয়নে বিশ্বাস করেন। তিনি বগুড়াকে আলাদাভাবে দেখেন না। দেশের সব অঞ্চলের সমান উন্নয়ন চান। বগুড়ার জন্য অতিরিক্ত কিছু চাওয়া হচ্ছে না, বরং দীর্ঘদিনের উন্নয়ন ঘাটতি পূরণের উদ্যোগ নেওয়া হচ্ছে।

বগুড়ার উন্নয়ন পরিকল্পনা তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, বগুড়া সিরাজগঞ্জ রেলপথ নির্মাণে জমি অধিগ্রহণসহ ব্যয় ধরা হয়েছে ১০ হাজার ৫৭০ কোটি টাকা। বগুড়া বিমানবন্দরকে শুধু অভ্যন্তরীণ বিমানবন্দর নয়, বহুমাত্রিক বিমানবন্দর হিসেবে চালুর লক্ষ্যে প্রধানমন্ত্রীর নির্দেশনায় কাজ করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

তিনি আরও বলেন, বগুড়া সিটি করপোরেশনের উন্নয়নে ১ হাজার ৯৯৪ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। শহরের যানজট নিরসন ও সৌন্দর্যবর্ধনে ৭০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। বগুড়া শহরকে মাস্টারপ্ল্যানের আওতায় আনার উদ্যোগ নেওয়া হচ্ছে। বগুড়ায় ওয়াসা গঠনে প্রধানমন্ত্রী নীতিগত অনুমোদন দিয়েছেন। এ ছাড়াও বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ প্রতিষ্ঠা, স্পোর্টস ভিলেজ নির্মাণ, সড়ক উন্নয়ন ও পৌরসভার উন্নয়ন নিয়েও পরিকল্পনা রয়েছে।