ইংল্যান্ডের জাতীয় ফুটবল দল।
ইংল্যান্ডের জাতীয় ফুটবল দল।   ছবি: সংগৃহীত

একের পর এক দল ঘোষণা করতে শুরু করেছে ২০২৬ ফিফা বিশ্বকাপের অংশ নিতে যাওয়া দেশগুলো। এবার চমক দেখাল ইংল্যান্ড। আজ (২২ মে) শুক্রবার কোচ থমাস টুখেল ঘোষণা করেছেন ২৬ সদস্যের দল। সেই দলে জায়গা হয়নি হ্যারি মাগুইরে, ট্রেন্ট আলেক্সান্ডার-আর্নল্ড, ফিল ফডেন ও কোল পালমারের মতো পরিচিত তারকাদের।

দল ঘোষণার আগের দিনই সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে বিশ্বকাপ দলে না থাকার খবর জানান ম্যানচেস্টার ইউনাইটেডের ডিফেন্ডার মাগুইরে। তবে সবচেয়ে বড় আলোচনার জন্ম দিয়েছে ইভান টোনির অন্তর্ভুক্তি। প্রায় এক বছর ইংল্যান্ড দলে অনিয়মিত থাকা এই স্ট্রাইকার সৌদি প্রো লিগে আল-আহলির হয়ে ৩২ গোল করে আবারও জাতীয় দলের দরজা খুলেছেন।

ইংল্যান্ড অ্যাপের সরাসরি সম্প্রচারে দল ঘোষণা করেন টুখেল। দলে জায়গা পেয়েছেন জুড বেলিংহ্যাম, মর্গান রজার্স ও কোবি মাইনুর মতো তরুণরা। ফিটনেস নিয়ে শঙ্কা থাকলেও অভিজ্ঞতার কারণে রাখা হয়েছে জন স্টোন্সকে। রক্ষণে নেতৃত্ব দেওয়ার সামর্থ্য ও বড় টুর্নামেন্টে অভিজ্ঞতা টুখেলের আস্থার বড় কারণ।

অন্যদিকে নটিংহ্যাম ফরেস্টের মিডফিল্ডার মর্গান গিবস-হোয়াইটের বাদ পড়া বিস্ময় তৈরি করেছে। চলতি মৌসুমে দুর্দান্ত ফর্মে থাকা এই মিডফিল্ডার প্রিমিয়ার লিগে গোল ও অ্যাসিস্ট মিলিয়ে ছিলেন অন্যতম কার্যকর ইংলিশ খেলোয়াড়দের একজন। তবু শেষ পর্যন্ত টুখেলের পরিকল্পনায় জায়গা হয়নি তাঁর।

ইংল্যান্ড বিশ্বকাপ অভিযান শুরু করবে ১৮ জুন ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে। ‘এল’ গ্রুপে তাদের অন্য দুই প্রতিপক্ষ ঘানা ও পানামা।

এক নজরে ইংল্যান্ডের বিশ্বকাপ স্কোয়াড

গোলরক্ষক:
জর্ডান পিকফোর্ড (এভারটন), ডিন হেন্ডারসন (ক্রিস্টাল প্যালেস), জেমস ট্র্যাফোর্ড (ম্যানচেস্টার সিটি)

ডিফেন্ডার:
রিস জেমস (চেলসি), জন স্টোন্স (ম্যানচেস্টার সিটি), মার্ক গেহি (ক্রিস্টাল প্যালেস), এজরি কনসা (অ্যাস্টন ভিলা), জ্যারেল কোয়ানসাহ (বায়ার লেভারকুসেন), ড্যান বার্ন (নিউক্যাসল ইউনাইটেড), টিনো লিভরামেন্তো (নিউক্যাসল ইউনাইটেড), জেড স্পেন্স (টটেনহ্যাম হটস্পার), নিকো ও’রাইলি (ম্যানচেস্টার সিটি)

মিডফিল্ডার:
ডেকলান রাইস (আর্সেনাল), জুড বেলিংহ্যাম (রিয়াল মাদ্রিদ), জর্ডান হেন্ডারসন (ব্রেন্টফোর্ড), কোবি মাইনু (ম্যানচেস্টার ইউনাইটেড), এলিয়ট অ্যান্ডারসন (নটিংহ্যাম ফরেস্ট), এবেরেচি এজে (ক্রিস্টাল প্যালেস), মর্গান রজার্স (অ্যাস্টন ভিলা)

ফরোয়ার্ড:
হ্যারি কেইন (বায়ার্ন মিউনিখ), বুকায়ো সাকা (আর্সেনাল), মার্কাস র‍্যাশফোর্ড (বার্সেলোনা, ধারে), অ্যান্থনি গর্ডন (নিউক্যাসল ইউনাইটেড), ননি মাদুয়েকে (আর্সেনাল), অলি ওয়াটকিন্স (অ্যাস্টন ভিলা), ইভান টোনি (আল-আহলি)

 

এমএকেই/আরটিএনএন