হজযাত্রীদের সেবায় গাফিলতি সহ্য করা হবে না: ধর্মমন্ত্রী
ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)।   ছবি: আরটিএনএন

সরকারের ভাবমূর্তি যেন ক্ষুণ্ণ না হয়, সেদিকে বিশেষ দৃষ্টি রাখতে হজ টিমের সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)। তিনি বলেন, হজযাত্রীদের সেবায় কোনো ধরনের গাফিলতি সহ্য করা হবে না।

বুধবার (১৫ এপ্রিল) সকালে রাজধানীর আশকোনায় হজ অফিসের সম্মেলন কক্ষে হজ টিমের সদস্যদের প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ধর্মমন্ত্রী বলেন, সরকারের বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র চলছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের বিরুদ্ধেও ষড়যন্ত্র চলছে। এই ষড়যন্ত্রের বিরুদ্ধে সতর্ক থাকতে হবে। কোনোভাবেই যেন সরকারের ভাবমূর্তি নষ্ট না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে।

হজ টিমের সদস্যদের উদ্দেশে মন্ত্রী বলেন, আপনারা হজযাত্রীদের খাদেম হিসেবে যাচ্ছেন। হজযাত্রীদের খেদমত করার সুযোগ পাওয়া সৌভাগ্যের বিষয়। তাদের ভালোভাবে সেবা দেওয়ার মাধ্যমেই আল্লাহর সন্তুষ্টি অর্জন সম্ভব। আপনারা প্রকৃত খাদেম হিসেবে দায়িত্ব পালন করবেন।

সেবায় অবহেলার বিষয়ে সতর্ক করে কায়কোবাদ বলেন, হজযাত্রীদের সেবা বাদ দিয়ে অন্য কোনো কাজ করা যাবে না। যারা হাজিদের সেবায় অবহেলা করবেন, তাদের ক্ষমা নেই। গাফিলতি পাওয়া গেলে সংশ্লিষ্ট সদস্যকে মক্কা থেকেই দেশে পাঠিয়ে দেওয়া হবে। অন্যদিকে যারা নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করবেন এবং হাজিদের সন্তুষ্টি অর্জন করবেন, তাদের আগামী বছরও খেদমতের সুযোগ দেওয়া হবে।

অনুষ্ঠানে মন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে হজ টিমের সদস্যরা হাত তুলে হজযাত্রীদের যথাযথ সেবা দেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

ধর্মসচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার, ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম খান এবং হজ অনুবিভাগের অতিরিক্ত সচিব ড. মো. আয়াতুল ইসলাম।

অনুষ্ঠানে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে বিভিন্ন টিমের দায়িত্ব ও কর্তব্য তুলে ধরেন হজ অনুবিভাগের যুগ্ম সচিব ড. মঞ্জুরুল হক। এই প্রশিক্ষণে হজ মনিটরিং টিম, প্রশাসনিক টিম, কারিগরি ও চিকিৎসক টিমের সদস্যরা অংশ নেন।