প্রথম সরকারি সফরে সৌদি গেলেন ধর্মমন্ত্রী কায়কোবাদ, জাতীয়, ধর্মমন্ত্রী, কায়কোবাদ, বিদেশ সফর, সরকার, বিএনপি,
ধর্মমন্ত্রী।   ছবি: আরটিএনএন

উমরাহ ও ভিজিট ফোরামের সভায় যোগ দিতে সৌদি আরব গেলেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণের পর এটি তাঁর প্রথম সরকারি সফর।

শনিবার (২৮ মার্চ) বিকেলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে মদিনার প্রিন্স মুহাম্মদ বিন আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে রওয়ানা দেন তিনি।

সৌদি হজ ও উমরাহ মন্ত্রী তৌফিক বিন ফাউজান আল রাবিয়াহের আমন্ত্রণে তৃতীয় উমরাহ ও ভিজিট ফোরামের সভায় যোগ দিতে এই সফরে গেছেন তিনি। সভা আগামী ৩০ মার্চ থেকে ১ এপ্রিল ২০২৬ পর্যন্ত মদিনার কিং সালমান আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে।

উমরাহ যাত্রীদের সেবা উন্নত করা এবং অধিক সংখ্যক উমরাহ যাত্রী ও ভিজিটরদের ধর্মাচার পালনে সহায়তা প্রদানের লক্ষ্যে এই সভা আয়োজন করেছে সৌদি হজ ও উমরাহ মন্ত্রণালয়।

মদিনা অঞ্চলের গভর্নর প্রিন্স সালমান বিন সুলতান বিন আবদুল আজিজ আল সউদের পৃষ্ঠপোষকতা ও উপস্থিতিতে সভাটি অনুষ্ঠিত হবে।

এ সফরে ধর্মমন্ত্রী উমরাহ ফোরামের সভায় অংশগ্রহণ ছাড়াও সৌদি হজ ও উমরাহ মন্ত্রীর সঙ্গে পৃথক বৈঠক করবেন। তিনি এবছরের হজ কার্যক্রমের অগ্রগতি নিয়ে বাংলাদেশ হজ মিশনের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা সভায় অংশ নেবেন। এছাড়া, বাংলাদেশি হজযাত্রীদের আবাসনের জন্য ভাড়া করা হোটেলও পরিদর্শন করবেন ধর্মমন্ত্রী। তিনি আগামী ৫ এপ্রিল দেশে ফিরবেন।