দুর্গাপূজায় রাজধানীসহ সারা দেশের পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে মাঠে সক্রিয় থাকার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। পাশাপাশি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, দুর্নীতি ও নিয়োগ-বাণিজ্যের প্রতিবাদে সপ্তাহব্যাপী গণসংযোগ এবং শাহবাগে প্রতিবাদ সমাবেশের কর্মসূচি ঘোষণা করেছে দলটি।
রোববার (১১ অক্টোবর) রাজধানীর বাংলামোটরে রূপায়ণ ট্রেড সেন্টারে এনসিপির দলীয় কার্যালয়ে দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম ‘রাজনৈতিক পর্ষদ’-এর সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন এনসিপির আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। পরে দলের মিডিয়া সেল থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে সভার পাঁচটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দুর্গাপূজা চলাকালে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে এনসিপির কেন্দ্রীয় ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা মাঠে সক্রিয় থাকবেন। দলের শীর্ষ নেতারা নিজ নিজ নির্বাচনী এলাকার পূজামণ্ডপ পরিদর্শন করবেন এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন।
সভায় আইনশৃঙ্খলা পরিস্থিতি, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, নিত্যপণ্যের দাম বৃদ্ধি, জননিরাপত্তা, চাকরিতে নিয়োগ-বাণিজ্য ও দুর্নীতির প্রতিবাদে কর্মসূচি নেওয়ার সিদ্ধান্ত হয়।
এসব বিষয়ে জনসচেতনতা তৈরি করতে আগামী ২৩ অক্টোবর থেকে ঢাকা মহানগরের বিভিন্ন স্থানে সপ্তাহব্যাপী লিফলেট বিতরণ ও গণসংযোগ করবে এনসিপি। কর্মসূচির উদ্বোধন করবেন নাহিদ ইসলাম।
এ ছাড়া এসব জনসংশ্লিষ্ট ইস্যুতে আগামী ৩০ অক্টোবর এনসিপির ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখার উদ্যোগে রাজধানীর শাহবাগে প্রতিবাদ কর্মসূচি পালন করা হবে।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, কেন্দ্রীয় কমিটির পুনর্গঠন ও দায়িত্ব বণ্টন চূড়ান্ত করে ১৩ অক্টোবরের মধ্যে নতুন কমিটি ঘোষণা করা হবে। এ ছাড়া আগামী সপ্তাহে আরও ১০০টি উপজেলা ও পৌরসভা পরিষদের স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী তালিকা প্রকাশের পরিকল্পনা রয়েছে দলটির। ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রার্থী তালিকা তৈরির কাজও জোরদার করা হবে।
সভায় এনসিপির সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ, আবদুল্লাহ আল আমিন ও নুসরাত তাবাসসুম উপস্থিত ছিলেন। এ ছাড়া দলের শীর্ষ পর্যায়ের নেতা সারজিস আলম, নাসীরুদ্দীন পাটওয়ারী, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, আরিফুল ইসলাম আদীব, সারোয়ার তুষার, আলী আহসান জুনায়েদ ও সালেহউদ্দিন সিফাত সভায় অংশ নেন।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!