প্রধানমন্ত্রীর উপদেষ্টা জহির উদ্দিন স্বপনের সঙ্গে বায়োফার্মার এমডির সৌজন্য সাক্ষাৎ
প্রধানমন্ত্রীর উপদেষ্টা জহির উদ্দিন স্বপনের সঙ্গে বায়োফার্মার এমডির সৌজন্য সাক্ষাৎ   ছবি : সংগৃহীত

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও সংসদ সদস্য জহির উদ্দিন স্বপনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন বায়োফার্মা লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ডা. লকিয়ত উল্লাহ।

গত ৪ নভেম্বর প্রধানমন্ত্রীর উপদেষ্টার সরকারি বাসভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় ডা. লকিয়ত উল্লাহর সঙ্গে উপস্থিত ছিলেন বায়োফার্মা লিমিটেডের হেড অব ইন্টারন্যাশনাল বিজনেস ডেভেলপমেন্ট আলা উদ্দিন খান আকাশ।

সাক্ষাৎকালে ডা. লকিয়ত উল্লাহ বায়োফার্মা লিমিটেডের পক্ষ থেকে জহির উদ্দিন স্বপনকে গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় দায়িত্ব পালনের জন্য শুভেচ্ছা ও অভিনন্দন জানান। একই সঙ্গে দেশ ও জাতির কল্যাণে তাঁর অব্যাহত অবদান এবং দায়িত্ব পালনে সাফল্য কামনা করেন। এ সময় তাঁকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং প্রতিষ্ঠানের পক্ষ থেকে বিশেষ সম্মাননা স্মারক (ক্রেস্ট অব অনার) প্রদান করা হয়।

মতবিনিময়কালে বাংলাদেশের ওষুধশিল্পের বর্তমান অগ্রগতি, ভবিষ্যৎ সম্ভাবনা এবং আন্তর্জাতিক বাজারে দেশীয় ওষুধ রপ্তানি সম্প্রসারণের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। বিশেষ করে আন্তর্জাতিক বাজারে বায়োফার্মার অবস্থান সুদৃঢ় করা, নতুন বাজারে প্রবেশ, বৈশ্বিক ব্যবসায়িক অংশীদারত্ব সম্প্রসারণ এবং বাংলাদেশের মানসম্মত ওষুধ বিশ্ববাজারে আরও পরিচিত ও গ্রহণযোগ্য করে তোলার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।

এ সময় ডা. লকিয়ত উল্লাহ প্রতিষ্ঠানের ভবিষ্যৎ ব্যবসায়িক পরিকল্পনা, আন্তর্জাতিক বাজার সম্প্রসারণের কৌশল এবং দেশের ওষুধ রপ্তানি খাতে আরও কার্যকর অবদান রাখার লক্ষ্যে নেওয়া দীর্ঘমেয়াদি পরিকল্পনা তুলে ধরেন।

আলোচনায় জহির উদ্দিন স্বপন বায়োফার্মা লিমিটেডের ভবিষ্যৎ পরিকল্পনা ও আন্তর্জাতিক বাজার সম্প্রসারণের উদ্যোগকে স্বাগত জানান। পাশাপাশি ওষুধশিল্পের উন্নয়নে সরকারের সংশ্লিষ্ট পর্যায় থেকে প্রয়োজনীয় সহযোগিতা ও সহায়তা প্রদানের বিষয়ে ইতিবাচক মনোভাব ব্যক্ত করেন।

সাক্ষাতে বাংলাদেশের স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণ-পরবর্তী সময়ে শিল্প ও বাণিজ্য খাতের সম্ভাব্য চ্যালেঞ্জ নিয়েও আলোচনা হয়। বিশেষজ্ঞদের ধারণা অনুযায়ী, এলডিসি উত্তরণের পর দেশের ওষুধশিল্প অন্যতম বড় চ্যালেঞ্জের মুখে পড়তে পারে। এ পরিস্থিতিতে আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা সক্ষমতা ধরে রাখা, নতুন বাজার সৃষ্টি এবং রপ্তানি বাড়াতে প্রয়োজনীয় প্রস্তুতি ও নীতিগত সহযোগিতার বিষয়গুলো গুরুত্ব পায়।

প্রধানমন্ত্রীর উপদেষ্টার মূল্যবান সময়, আন্তরিক সৌজন্য ও গঠনমূলক মতামতের জন্য বায়োফার্মা লিমিটেডের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

পরিশেষে জহির উদ্দিন স্বপনের বুদ্ধিদীপ্ত চিন্তাভাবনা ও নেতৃত্বের প্রশংসা করেন ডা. লকিয়ত উল্লাহ। তাঁর সফল নেতৃত্বে সরকারের কার্যক্রম আরও গতিশীল হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

বায়োফার্মা লিমিটেড মনে করে, সরকারের নীতিগত সহযোগিতা, শিল্প খাতের দূরদর্শী নেতৃত্ব এবং বেসরকারি খাতের উদ্ভাবনী উদ্যোগের সমন্বয়ে বাংলাদেশের ওষুধশিল্প আন্তর্জাতিক অঙ্গনে আরও শক্তিশালী অবস্থান তৈরি করতে সক্ষম হবে।