পাহাড়ে সশস্ত্র গোষ্ঠীর আক্রমণে ৫ বছরে ৩১৬ জন নিহত হয়েছেন: স্বরাষ্ট্রমন্ত্রী
পাহাড়ে সশস্ত্র গোষ্ঠীর আক্রমণে ৫ বছরে ৩১৬ জন নিহত হয়েছেন: স্বরাষ্ট্রমন্ত্রী   ছবি : সংগৃহীত

গত ৫ বছরে পার্বত্য অঞ্চলে সশস্ত্র গোষ্ঠীর আক্রমণে নিরাপত্তা বাহিনীর ৮ সদস্যসহ ৩১৬ জন নিহত হয়েছেন। এসব আক্রমণে আহত হয়েছেন ৪৮৫ জন। নিরাপত্তা বাহিনীসহ পাহাড়ি-বাঙালিদের ওপর এ সময়ে হামলার ঘটনা ঘটেছে ৩৭২টি।

বুধবার (১১ নভেম্বর) জাতীয় সংসদের প্রশ্নোত্তরে বিএনপি দলীয় সংসদ সদস্য এস এ জিন্নাহ কবীরের প্রশ্নের জবাবে সংসদকার্যে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এ তথ্য জানান। ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে বৈঠকের শুরুতে প্রশ্নোত্তর অনুষ্ঠিত হয়।

ওই সংসদ সদস্যের প্রশ্নের জবাবে সালাহউদ্দিন আহমদ বলেন, গত ৫ বছরে পার্বত্য অঞ্চলে বাঙালি জনগোষ্ঠীর ওপর সশস্ত্র গোষ্ঠী ১৯৪টি হামলা করেছে। এই গোষ্ঠী ক্ষুদ্র নৃগোষ্ঠীর ওপর হামলা করেছে ৮১টি। একই সময়ে সেখানে অপহরণের ঘটনা ঘটেছে ২৯৭টি, জোরপূর্বক চাঁদা আদায়ের ঘটনা ঘটেছে ৪৭১টি, অবৈধ অস্ত্রের ব্যবহার হয়েছে ৩৭৭টি। মন্ত্রী জানান, ৫ বছরে পার্বত্য অঞ্চলে সেনাবাহিনীসহ নিরাপত্তা বাহিনীর ওপর সশস্ত্র গোষ্ঠীর আক্রমণের ঘটনা ঘটেছে ৯৭টি। বেসামরিক নাগরিক নিহত হয়েছেন ৩০৮ জন, আহত হয়েছেন ৪৩৫ জন। নিরাপত্তা বাহিনীর সদস্য নিহত হয়েছেন ৮ জন ও আহত হয়েছেন ৫৫ জন।

পার্বত্য তিন জেলায় শান্তি-শৃঙ্খলা রক্ষা, অবৈধ সশস্ত্র গোষ্ঠীর তৎপরতা দমন এবং সব সম্প্রদায়ের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার বহুমাত্রিক আইনগত, প্রশাসনিক ও নিরাপত্তামূলক পদক্ষেপ গ্রহণ করেছে বলে জানান মন্ত্রী। মন্ত্রী জানান, পার্বত্য অঞ্চলে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এবং সশস্ত্র তৎপরতা দমনে সশস্ত্র বাহিনীর বিশেষ অভিযান ‘অপারেশন উত্তরণ’ চলমান রয়েছে। সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও এসআরসির নিয়মিত টহল ও গোয়েন্দা তৎপরতা বৃদ্ধির মাধ্যমে সন্ত্রাসী কার্যক্রম প্রতিরোধ করা হচ্ছে।

পাহাড়ে অবৈধ অস্ত্রধারী, চাঁদাবাজ এবং সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর নীতি গ্রহণ করা হয়েছে জানিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, সুনির্দিষ্ট অপরাধের অভিযোগে দেশের প্রচলিত আইন অনুযায়ী নিয়মিত মামলা দায়ের করে আসামিদের আইনের আওতায় আনা হচ্ছে।

মন্ত্রী বলেন, পাহাড়ে চাঁদাবাজি বন্ধে চেকপোস্টের সংখ্যা বৃদ্ধি এবং মোবাইল ব্যাংকিং ও আর্থিক লেনদেনের ওপর গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। সীমান্তপথে অবৈধ অস্ত্র ও মাদক চোরাচালান রোধে বিজিবি সীমান্ত চৌকিগুলোর সক্ষমতা বাড়ানো হয়েছে। ভারতের মিজোরাম ও মিয়ানমার সীমান্তসংলগ্ন দুর্গম এলাকায় নজরদারি বৃদ্ধি করা হয়েছে।

পার্বত্য অঞ্চলে বসবাসকারী জনগণের নিরাপত্তায় স্থানীয় প্রশাসন সার্বক্ষণিক কাজ করছে জানিয়ে মন্ত্রী বলেন, পার্বত্য অঞ্চলে নতুন ও পুরোনো আঞ্চলিক সশস্ত্র গোষ্ঠীগুলোর সশস্ত্র তৎপরতা নির্মূল এবং অবৈধ অস্ত্র উদ্ধারে নিয়মিত বিশেষ যৌথ অভিযান পরিচালনা করা হচ্ছে। পাহাড়ে চলমান ধারাবাহিক ও বিশেষ যৌথ অভিযানে এ পর্যন্ত বিভিন্ন আঞ্চলিক সশস্ত্র গোষ্ঠীর শত শত সক্রিয় ক্যাডার ও সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে। এসব অভিযানে সন্ত্রাসীদের বিপুল পরিমাণ অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র, তাজা গুলি, ম্যাগাজিন, কমব্যাট ইউনিফর্ম এবং ড্রোন/সিগন্যাল সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

এর আগে জিন্নাহ কবীর তার প্রশ্নে বিগত ৫ বছরে পার্বত্য অঞ্চলে সশস্ত্র হামলা ও হতাহতের তথ্য জানতে চান। প্রশ্ন তোলার সময় জিন্নাহ কবীর বলেন, পার্বত্য চট্টগ্রামে প্রায়ই অস্ত্রের ঝনঝনানি হচ্ছে। অবৈধ অস্ত্রধারীরা সেনাবাহিনী এবং সাধারণ নাগরিকের ওপর হামলা চালাচ্ছে। কখনো কখনো শুনছি, এই তিনটি জেলাকে বিচ্ছিন্ন করার জন্য দেশি-বিদেশি ষড়যন্ত্র হচ্ছে। প্রতিবেশীদের কাছ থেকে অবৈধ অস্ত্র এবং প্রতিবেশী দেশের উসকানিমূলক প্রক্রিয়ায় এসব হামলা হচ্ছে উল্লেখ করে বাংলাদেশ ভূখণ্ডকে রক্ষা করার জন্য বিশেষ কোনো বাহিনীর মাধ্যমে অভিযান পরিচালনার কোনো পরিকল্পনা রয়েছে কি না, তা জানতে চান।

পরে সম্পূরক প্রশ্নে এই সংসদ সদস্য পার্বত্য চট্টগ্রামসহ সাম্প্রতিক সময়ে দেশের অভ্যন্তরে যে বিশৃঙ্খলা—গাড়িতে অগ্নিসংযোগ, কোথাও ককটেল বিস্ফোরণ, কোথাও বা অবৈধ অস্ত্র প্রদর্শন—এর মধ্যে কোনো যোগসূত্র রয়েছে কি না, তা জানতে চান।

এদিকে সম্পূরক প্রশ্নে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য শফিকুল ইসলাম বলেন, পার্বত্য চট্টগ্রামে সশস্ত্র গ্রুপ সেনাবাহিনীর সদস্যসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ওপর পার্শ্ববর্তী বিভিন্ন রাষ্ট্রের উসকানি এবং তাদের মদদে শুধু হামলাই করেনি, এসব ঘটনায় অনেকে নিহত ও আহত হয়েছেন। কোথাও কোথাও সেনা ক্যাম্পে হামলা হচ্ছে। সশস্ত্র গ্রুপের হাতে অত্যাধুনিক অস্ত্র আছে। এসব অস্ত্র আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সেনাবাহিনীর সদস্যদের হাতে নেই বলে জানতে পারছি। এসব ঘটনা পর্যটনশিল্পকে ধ্বংস করার পাঁয়তারাসহ পুরো পার্বত্য অঞ্চলটাকেই হাতছাড়া করার একটা গভীর ষড়যন্ত্র কি না, তা জানতে চান।

জবাবে মন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, সাজেক ভ্যালি-সংক্রান্ত যে উদ্বেগ সদস্য প্রকাশ করেছেন, সেটা আমরাও একইভাবে প্রকাশ করি। প্রতি পর্যটন মৌসুমের আগে দখলদারত্ব বজায় রাখার জন্য সাজেক ভ্যালিতে সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে অভ্যন্তরীণ একটি দ্বন্দ্ব সৃষ্টি হয়। বাংলাদেশের সেনাবাহিনী এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে এবং সেখানে রাজনৈতিক নেতৃবৃন্দসহ সবাই সেই পরিস্থিতি শান্তিপূর্ণভাবে মোকাবিলা করেছেন এবং সেখানকার পরিস্থিতি স্থিতিশীল।