নিশ্চিত চাকরির মিথ্যা প্রলোভনে ভিটেমাটি বিক্রি করে রাশিয়ায় যাওয়া বাংলাদেশি তরুণদের সামরিক বাহিনীর হাতে তুলে দিয়ে জোরপূর্বক ইউক্রেন যুদ্ধের ফ্রন্টলাইনে নামানো হচ্ছে বলে জাতীয় সংসদে উদ্বেগ প্রকাশ করেছেন সংসদ সদস্য রেহানা আক্তার রানু। তিনি জানান, মাত্র ২১ দিনের সংক্ষিপ্ত সামরিক প্রশিক্ষণ দিয়ে এসব তরুণকে সরাসরি যুদ্ধের ময়দানে ঠেলে দেওয়া হচ্ছে।
সোমবার জাতীয় সংসদের অধিবেশনে জরুরি জন-গুরুত্বসম্পন্ন নোটিশে (বিধি-৭১) বক্তব্য রাখতে গিয়ে এ তথ্য তুলে ধরেন তিনি।
সংসদে স্পিকারের দৃষ্টি আকর্ষণ করে রেহানা আক্তার রানু বলেন, উন্নত জীবনের প্রত্যাশায় কড়া সুদে ঋণ নিয়ে এবং শেষ সম্বল ভিটেমাটি বিক্রি করে একদল বাংলাদেশি তরুণ রাশিয়ায় পাড়ি জমিয়েছিল। কিন্তু সেখানে যাওয়ার পর তাদের চাকরির বদলে তুলে দেওয়া হয় রুশ সেনাবাহিনীর হাতে। মাত্র ২১ দিনের ট্রেনিং দিয়েই তাদের সরাসরি রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ফ্রন্টলাইনে নামিয়ে দেওয়া হচ্ছে।
হতাহতের চিত্র ও পরিবারের দুর্দশা তুলে ধরে তিনি বলেন, বিগত তিন বছরে এভাবে যুদ্ধে জড়িয়ে ৫৪ জন বাংলাদেশি তরুণ নিহত হয়েছেন এবং অনেকে চিরতরে পঙ্গু হয়ে গেছেন। যুদ্ধের ময়দানে প্রাণ হারানো এসব তরুণের লাশ পর্যন্ত দেশে ফিরিয়ে আনা সম্ভব হচ্ছে না। একদিকে সন্তান হারানোর তীব্র শোক, অন্যদিকে চড়া সুদের ঋণের জন্য পাওনাদারদের অব্যাহত চাপে ভুক্তভোগী পরিবারগুলোর জীবন চরম দুর্বিষহ হয়ে উঠেছে।
পাচারের আধুনিক কৌশল নিয়ে সতর্ক করে তিনি আরো জানান, পাচারকারী চক্র এখন শুধু সনাতন দালাল চক্রেই সীমাবদ্ধ নেই; তারা কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ডিপফেক প্রযুক্তি, সোশ্যাল মিডিয়া এবং ক্রিপ্টোকারেন্সির মতো আধুনিক ডিজিটাল মাধ্যম ব্যবহার করে নিরীহ তরুণদের ফাঁদে ফেলছে।
এই সংকট উত্তরণে সংসদ সদস্য রেহানা আক্তার রানু প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়কে যৌথভাবে সমন্বিত প্রযুক্তিগত ও কূটনৈতিক পদক্ষেপ নেওয়ার জোর দাবি জানান। একই সঙ্গে জড়িত মানবপাচারকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ক্ষতিপূরণ দেওয়ার আহ্বান জানান।
বক্তব্যের শেষভাগে তিনি জোর দিয়ে বলেন, এই মুহূর্তে রাশিয়ার যুদ্ধক্ষেত্রে বিপদে আটকে থাকা নাগরিকদের অবিলম্বে দেশে ফিরিয়ে আনতে হবে। আমাদের আর কোনো নাগরিক যেন কোনো ভিনদেশের যুদ্ধক্ষেত্রে ‘টোপ’ বা কামানের খোরাক হিসেবে ব্যবহৃত না হয়, তা নিশ্চিত করা সরকারের প্রশাসনিক ও নৈতিক দায়িত্ব। এ বিষয়ে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য তিনি প্রবাসী কল্যাণ মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!