জলবায়ু পরিবর্তনের প্রভাবে সৃষ্ট ক্ষয়ক্ষতি মোকাবিলায় কোনো করুণা বা সাধারণ সহায়তা নয়, বরং দায়ী দেশগুলোর জবাবদিহিতা ও ন্যায্য হিস্যা দাবি করেছে পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা)। সংগঠনটি বলেছে, জলবায়ু পরিবর্তনের ক্ষয়ক্ষতি এখন আর কোনো দূরের কল্পকাহিনী নয়, এটি বাংলাদেশের মানুষের দৈনন্দিন জীবনের নির্মম বাস্তবতা।
সোমবার (৯ নভেম্বর) রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্র মিলনায়তনে পবা আয়োজিত এক জনসংলাপে বক্তারা এই দাবি জানান। সংলাপে মূল ধারণাপত্র উপস্থাপন করেন সংগঠনের সাধারণ সম্পাদক লেলিন চৌধুরী। এতে বৈশ্বিক ও দেশীয় প্রেক্ষাপটে জলবায়ু সংকটের বহুমুখী প্রভাব এবং তরুণ প্রজন্মের মানসিক উৎকণ্ঠার বিষয়টি বিশেষভাবে তুলে ধরা হয়
ধারণাপত্রে বলা হয়, নাতিশীতোষ্ণ আবহাওয়ার বাংলাদেশ আজ চরমভাবাপন্ন আবহাওয়ার কবলে পড়েছে। ষড়ঋতুর এই দেশ ধীরে ধীরে চার ঋতুর দেশে পরিণত হচ্ছে। সিডর ও আইলার মতো প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড়, তীব্র দাবদাহ এবং অসময়ে অতিবৃষ্টি ও অনাবৃষ্টির আঘাতে দেশের প্রতিটি মানুষ আজ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ক্ষতিগ্রস্ত।
বৈশ্বিক পরিসংখ্যান তুলে ধরে সংলাপে জানানো হয়, ১৯৯৫ থেকে ২০২৪ সালের মধ্যে বিশ্বে ৯ হাজার ৭০০টি জলবায়ুজনিত দুর্ঘটনায় ৮ লাখ ৩২ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে এবং অর্থনৈতিক ক্ষতি সাড়ে ৪ ট্রিলিয়ন ডলার ছাড়িয়েছে। শুধু ২০২৫ সালেই চরম তাপপ্রবাহের কারণে বিশ্ব অর্থনীতিতে প্রায় ১ দশমিক ০৭ ট্রিলিয়ন ডলার ক্ষতি হয়েছে। এ ছাড়া সম্প্রতি হিমালয় পর্বতের ২০০টি হ্রদে ফাটল ধরার ঘটনাকে বিজ্ঞানীরা ‘টাইম বোমা’ হিসেবে অভিহিত করেছেন। যেকোনো মুহূর্তে এগুলো ধসে পড়লে বাংলাদেশ, ভারত, নেপাল, ভুটান ও তিব্বতে ভয়াবহ বিপর্যয় নেমে আসার আশঙ্কা রয়েছে।
জলবায়ু ঝুঁকিতে থাকা শীর্ষস্থানীয় দেশ হিসেবে বাংলাদেশের অভ্যন্তরীণ সংকটের চিত্র তুলে ধরে পবা জানায়, কেবল ২০২৪ সালেই প্রাকৃতিক দুর্যোগের কারণে দেশে ২৪ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে। বিশ্বব্যাংকের প্রাক্কলন অনুযায়ী, ২০৫০ সাল নাগাদ দেশের প্রায় ১ কোটি ৯৯ লাখ মানুষ অভ্যন্তরীণ জলবায়ু উদ্বাস্তুতে পরিণত হবে।
সংলাপে আরও জানানো হয়, অনিয়মিত বৃষ্টিপাত, খরা, লবণাক্ততা ও তীব্র গরমে জমির উর্বরতা এবং ফসলের উৎপাদন কমছে। কৃষিকাজে বাড়তি খরচ এবং জলাধারে মাছ ও গবাদিপশুর মৃত্যু বাড়ায় শ্রমজীবী মানুষের আয় ও কর্মসংস্থান সংকুচিত হচ্ছে। পাশাপাশি সুপেয় পানি ও জ্বালানি সংগ্রহে নারীদের ওপর বাড়তি চাপ তৈরি হচ্ছে এবং বাস্তুচ্যুতির কারণে নারীদের যৌন নিপীড়ন ও স্বাস্থ্যঝুঁকি বহুগুণ বেড়েছে। এ ছাড়া তাপজনিত রোগ ও পানিবাহিত সংক্রমণে শিশুদের শিক্ষাজীবন ও জনস্বাস্থ্য চরম হুমকির মুখে পড়েছে। পবার মতে, দৃশ্যমান এই ক্ষতির বাইরে হিমশৈলের মতো অদৃশ্য বা অপ্রকাশিত ক্ষতির পরিমাণ আরও বিশাল।
বক্তারা উল্লেখ করেন, বৈশ্বিক কার্বন নিঃসরণে সবচেয়ে কম ভূমিকা রেখেও বাংলাদেশসহ উন্নয়নশীল দেশগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে, যা স্পষ্টতই একধরনের ‘জলবায়ু অন্যায্যতা’ (ক্লাইমেট ইনজাস্টিস)। শিল্পোন্নত দেশগুলোর অতিনিঃসরণের খেসারত দিতে হচ্ছে বর্তমান প্রজন্মকে। এর ফলে তরুণদের মধ্যে গভীর মানসিক সংকট বা ‘ক্লাইমেট অ্যাংজাইটি’ ও ‘ক্লাইমেট গ্রিফ’ তৈরি হচ্ছে। এই ক্ষয়ক্ষতি, অন্যায্যতা ও উৎকণ্ঠার দুষ্টচক্র ভাঙতে পরিবেশবাদী সংগঠনগুলোকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
জলবায়ু সংকট মোকাবিলায় জনসংলাপ থেকে বৈশ্বিক ও জাতীয় পর্যায়ে বেশ কিছু সুনির্দিষ্ট সুপারিশ তুলে ধরা হয়। বৈশ্বিক পর্যায়ে আন্তর্জাতিকভাবে প্রতিশ্রুত ‘লস অ্যান্ড ড্যামেজ ফান্ড’ দ্রুত ক্ষতিগ্রস্ত দেশ ও পরিবারের কাছে পৌঁছানোর ব্যবস্থা করা এবং এ লক্ষ্যে দেশের প্রশাসনিক সক্ষমতা বাড়ানোর তাগিদ দেওয়া হয়।
পাশাপাশি দেশীয় পর্যায়ে জলবায়ু পরিবর্তনকে জাতীয় উন্নয়নের মূল নীতি হিসেবে নির্ধারণ করা, অভিযোজনকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে বন্যা ও লবণাক্ততা সহনশীল আবাসন ও ফসল উৎপাদনে জোর দেওয়া, দুর্যোগ মোকাবিলা ও নীতি নির্ধারণে তরুণদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা এবং মানসিক স্বাস্থ্য সুরক্ষায় স্কুল পর্যায়ে কাউন্সেলিং ও কমিউনিটি সাপোর্ট গ্রুপ তৈরি করার সুপারিশ করা হয়।
“জলবায়ু পরিবর্তনের কারণে আমরা কোনো সাহায্য চাই না, জবাবদিহিতা চাই; আমরা আমাদের যৌক্তিক হিস্যা চাই”—এই জোরালো দাবির মধ্য দিয়ে জনসংলাপের সমাপ্তি ঘোষণা করা হয়।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!