ছয় দেশ ভ্রমণে নাগরিকদের নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র
ছয় দেশ ভ্রমণে নাগরিকদের নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র   ছবি : সংগৃহীত
নিরাপত্তাঝুঁকি ও জরুরি কনস্যুলার সহায়তা দেওয়ার সীমাবদ্ধতার কথা বিবেচনায় নিয়ে মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার ছয়টি দেশে মার্কিন নাগরিকদের ভ্রমণ না করার সতর্কবার্তা জারি করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। এসব দেশকে সর্বোচ্চ ‘লেভেল-৪’ ভ্রমণ সতর্কতার আওতায় রাখা হয়েছে। খবর আল জাজিরার।
 
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মার্কিন পররাষ্ট্র দপ্তর জানায়, ইরান, ইরাক, লেবানন, লিবিয়া, সিরিয়া ও ইয়েমেন এখনো সর্বোচ্চ ভ্রমণ সতর্কতার তালিকায় রয়েছে। এ সতর্কতার অর্থ, কোনো কারণেই এসব দেশে ভ্রমণ করা উচিত নয়।
 
পোস্টে বলা হয়, সংশ্লিষ্ট দেশগুলোর স্থানীয় নিরাপত্তা পরিস্থিতি এবং সেখানে অবস্থানরত মার্কিন নাগরিকদের জরুরি সহায়তা দেওয়ার সীমিত সক্ষমতা বিবেচনায় নিয়ে এ সতর্কতা জারি করা হয়েছে।
 
মার্কিন পররাষ্ট্র দপ্তর আরও বলেছে, ‘এসব স্থান বিপজ্জনক। কোনো কারণেই সেখানে যাবেন না।’
 
এদিকে, ছয়টি দেশ ছাড়াও আফগানিস্তান, রাশিয়া, ইউক্রেন, সুদান ও দক্ষিণ সুদানসহ মোট ২৩টি দেশ বর্তমানে যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ ভ্রমণ সতর্কতার আওতায় রয়েছে।
 
উল্লেখ্য, ‘লেভেল-৪’ যুক্তরাষ্ট্রের ভ্রমণবিষয়ক নির্দেশনার সর্বোচ্চ সতর্কতামূলক স্তর। এ সতর্কতা জারি করা হলে মার্কিন নাগরিকদের সংশ্লিষ্ট দেশগুলোতে সব ধরনের ভ্রমণ থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়।