শামা ওবায়েদ
শামা ওবায়েদ   ছবি : সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফরের আগে টোকিওতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দাউদ আলীকে ঢাকায় রাখার সিদ্ধান্ত পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিজস্ব বিষয় বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। প্রধানমন্ত্রীর আসন্ন জাপান সফরে অংশ নিচ্ছেন না ওই রাষ্ট্রদূত।

শনিবার (২৪ অক্টোবর) রাজধানীর সিরডাপে তুরস্কের আন্তালিয়ায় অনুষ্ঠেয় কপ-৩১ সম্মেলন সামনে রেখে ৩৩টি নাগরিক সমাজ ও উন্নয়ন সংস্থার উদ্যোগে প্রণীত জাতীয় অবস্থানপত্র প্রকাশ ও জাতীয় সংলাপ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন প্রতিমন্ত্রী।

জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে আগামী ২৬ থেকে ২৯ অক্টোবর সরকারি সফরে জাপান যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সফরের মাধ্যমে বাংলাদেশে নতুন বিনিয়োগের সুযোগ তৈরি হবে বলে আশা প্রকাশ করেন শামা ওবায়েদ।

এদিকে, আসন্ন কপ-৩১ সম্মেলনে জ্বালানি রূপান্তরের পাশাপাশি পরিবেশবান্ধব পাটজাত পণ্যের বৈশ্বিক সম্ভাবনা তুলে ধরতে চায় বাংলাদেশ। সীমিত বাজেট নিয়েও দেশটি জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও অভিযোজন কার্যক্রম চালিয়ে যাচ্ছে বলে জানান প্রতিমন্ত্রী।

শামা ওবায়েদ বলেন, বিশ্ব জলবায়ু সম্মেলনে স্বচ্ছতা বাড়ানোর পাশাপাশি অভিযোজন ও প্রশমনের বিষয়গুলোতে সমান গুরুত্ব দেওয়া প্রয়োজন। উন্নত দেশগুলোকে জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ করতে হবে। এ অর্থায়ন মূলত অনুদান হিসেবে আসা উচিত, যাতে জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত দেশগুলোর ঋণের বোঝা আরও না বাড়ে। পাশাপাশি জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট ক্ষয়ক্ষতি মোকাবিলায় একটি তহবিল গঠন করা প্রয়োজন।

প্রতিমন্ত্রী আরও বলেন, আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের একটি ঐক্যবদ্ধ অবস্থান তুলে ধরতে হবে, যাতে বৈশ্বিক আলোচনা ও দর-কষাকষির টেবিল থেকে দেশের জন্য কার্যকর ফলাফল নিয়ে আসা যায়।

তিনি জানান, এ লক্ষ্যে পররাষ্ট্র মন্ত্রণালয় এবং পরিবেশ ও জলবায়ু মন্ত্রণালয়ের সমন্বয়ে একটি আন্তমন্ত্রণালয় ফোকাল টিম গঠন করা হয়েছে। পাশাপাশি পরিবেশ নিয়ে কাজ করা তরুণদেরও এ কার্যক্রমে সম্পৃক্ত করার সুযোগ রয়েছে।