জিয়াউর রহমান হত্যায় জড়িত সাবেক সেনা কর্মকর্তা গ্রেপ্তার
জিয়াউর রহমান হত্যায় জড়িত সাবেক সেনা কর্মকর্তা গ্রেপ্তার।   ছবি: সংগৃহীত

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যায় জড়িত অভিযোগে মেজর (অব.) মো. মোজাফফর হোসেনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। 

বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেলে ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, মোজাফফর দীর্ঘ ৪৫ বছর ধরে পলাতক ছিলেন। তাকে ধরা হয়েছে। 

এর আগে বুধবার (১৫ জুলাই) রাতে রাজধানীর ডিওএইচএস এলাকা থেকে মোজাফফরকে গ্রেপ্তার করা হয়। 

মহান স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের ষষ্ঠ রাষ্ট্রপতি, সাবেক সেনাপ্রধান এবং বীর উত্তম খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা। 

বগুড়ার গাবতলীর এ সন্তান ১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহি-জনতার বিপ্লবের মাধ্যমে রাষ্ট্রীয় ক্ষমতার কেন্দ্রবিন্দুতে আসেন।

১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রতিষ্ঠা করেন।  চট্টগ্রাম সফরকালে ১৯৮১ সালের ৩০ মে জেলা সার্কিট হাউজে গভীর রাতে একদল বিপথগামী সেনাসদস্য তাকে হত্যা করে।

তিন দিন পর তার মরদেহ ঢাকায় নিয়ে আসা হয়। লাখ লাখ শোকার্ত মানুষ তার জানাজার নামাজে শরিক হয়। পরে জাতীয় সংসদ ভবন চত্বরে জিয়া উদ্যানে তাকে সমাহিত করা হয়।