অস্ত্রসহ গ্রেপ্তারের পর যুবদল নেতাকে দল থেকে বহিষ্কার
অস্ত্রসহ গ্রেপ্তারের পর যুবদল নেতাকে দল থেকে বহিষ্কার।   ছবি: সংগৃহীত

কক্সবাজারের মাতামুহুরী উপজেলার বদরখালী ইউনিয়ন যুবদলের গণশিক্ষাবিষয়ক সম্পাদক আয়াত উল্লাহ হুমাইনীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

বুধবার (১৫ জুলাই) রাতে জেলা যুবদলের সহদপ্তর সম্পাদক রফিকুল ইসলাম মিয়াজী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া উপজেলার চুনতি চেকপোস্ট এলাকায় দুটি অস্ত্রসহ একটি ব্যক্তিগত গাড়ি থেকে যুবদল নেতা আয়াত উল্লাহ হুমাইনীসহ তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তার অন্য ব্যক্তিরা হলেন লক্ষ্মীপুর জেলার হোসাইন আহম্মেদ (৪২) ও ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জের মো. আসাদুজ্জামান (৩৮)। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে নানা সমালোচনা শুরু হয়।

জেলা যুবদলের বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার লোহাগাড়ায় অস্ত্রসহ আটক হওয়ার ঘটনায় জড়িত থাকার অভিযোগে আয়াত উল্লাহ হুমাইনীকে বদরখালী ইউনিয়ন যুবদলের গণশিক্ষাবিষয়ক সম্পাদক পদসহ প্রাথমিক সদস্য ও দলীয় সব কর্মকাণ্ড থেকে বহিষ্কার করা হয়েছে। কক্সবাজার জেলা যুবদলের সভাপতি সৈয়দ আহমদ বিষয়টি নিশ্চিত করেছেন।

সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আরিফুল ইসলাম সিদ্দিকী বলেন, অস্ত্র আইনে মামলার পর গ্রেপ্তার তিনজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।