টানা বৃষ্টি, জলাবদ্ধতা ও দেশের বিভিন্ন স্থানে বন্যা পরিস্থিতির মধ্যেও এইচএসসি পরীক্ষা চালিয়ে যাওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে রাজধানীর সাইন্সল্যাব মোড় অবরোধ করেছে শিক্ষার্থীরা। পরীক্ষা স্থগিত না করে শিক্ষার্থীদের চরম ভোগান্তির মুখে ঠেলে দেওয়ার অভিযোগে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগ দাবি করেছেন তারা।
মঙ্গলবার (১৪ জুলাই) বেলা ১১টা ৪০ মিনিটের দিকে ঢাকা কলেজসহ রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সাইন্সল্যাব মোড়ে অবস্থান নিয়ে ধানমন্ডি থেকে নিউমার্কেটমুখী সড়কটি অবরোধ করেন।
সরেজমিনে দেখা যায়, বেলা সাড়ে ১১টার পর থেকেই শিক্ষার্থীরা সাইন্সল্যাব এলাকায় জড়ো হতে শুরু করেন। এরপর বেলা ১১টা ৪০ মিনিটে তারা সড়কে নেমে অবরোধ সৃষ্টি করলে ওই রুটে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। আশপাশের এলাকায় সৃষ্টি হয় তীব্র যানজট। অনেক সাধারণ যাত্রীকে হেঁটে গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিতে দেখা যায়।
বিক্ষোভ চলাকালে শিক্ষার্থীরা ‘দফা এক, দাবি এক—মিলনের পদত্যাগ’, ‘ভোগান্তির দায় নিতে হবে’, ‘বন্যা-জলাবদ্ধতায় পরীক্ষা নয়’—ইত্যাদি স্লোগানে চারপাশ মুখরিত করে তোলেন। তাদের হাতে পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিসংবলিত বিভিন্ন প্ল্যাকার্ডও দেখা যায়।
আন্দোলনকারী শিক্ষার্থীদের অভিযোগ, বৈরী আবহাওয়া ও দেশের বিভিন্ন এলাকার বন্যা পরিস্থিতিকে তোয়াক্কা না করেই সোমবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা নেওয়া হয়েছে। এর ফলে ঢাকাসহ দেশের প্রত্যন্ত অঞ্চলের পরীক্ষার্থীরা চরম ভোগান্তির শিকার হয়েছেন। কোথাও কোমর সমান জলাবদ্ধতা, কোথাও ঘণ্টার পর ঘণ্টা যানজট, আবার কোথাও নৌকায় করে পরীক্ষাকেন্দ্রে পৌঁছাতে হয়েছে শিক্ষার্থীদের।
আন্দোলনে অংশ নেওয়া ঢাকা কলেজের শিক্ষার্থী রবিউল বলেন, আমরা পরীক্ষা দিতে আপত্তি করছি না। কিন্তু সবার জন্য সমান সুযোগ নিশ্চিত না করে পরীক্ষা নেওয়া হয়েছে। বন্যাকবলিত এলাকার অনেক শিক্ষার্থী স্বাভাবিকভাবে কেন্দ্রে যেতেই পারেনি। এই বৈষম্যমূলক সিদ্ধান্তের প্রতিবাদেই আমরা রাস্তায় নেমেছি।
একই সুরে সুর মিলিয়ে ধানমন্ডি আইডিয়াল কলেজের শিক্ষার্থী রাব্বি মিয়া বলেন, গতকালের নজিরবিহীন ভোগান্তির দায় শিক্ষা মন্ত্রণালয় এড়াতে পারে না। শিক্ষার্থীদের কষ্টের বিষয়টি তাদের গুরুত্ব দিয়ে দেখা উচিত ছিল। আমরা এর সুষ্ঠু জবাবদিহি চাই।
এদিকে শিক্ষার্থীদের আকস্মিক এই বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে সাইন্সল্যাব ও এর আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করতে দেখা গেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত সড়কটিতে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!