আমার নির্বাচনী কর্মীদের টার্গেট করা হচ্ছে: আরমান
সংবাদিকদের সাথে কতা বলছেন আরমান।   ছবি: সংগৃহীত

রাজধানীর মিরপুরের শাহ আলী মাজারে হামলার ঘটনায় বিরোধী দলের নেতাকর্মীদের উদ্দেশ্যপ্রণোদিতভাবে দায়ী করা হচ্ছে বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মীর আহমাদ বিন কাসেম (আরমান)। তিনি দাবি করেন, যাঁদের গ্রেপ্তার করা হয়েছে, তাঁদের অনেকের নাম ঘটনাস্থলের ভিডিও ফুটেজেও নেই।

রবিবার (১৭ মে) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। আওয়ামী লীগ সরকারের আমলে টিএফআই সেলে গুমের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাক্ষ্য দেওয়ার পর সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন তিনি।

এক প্রশ্নের জবাবে আরমান বলেন, শাহ আলী মাজারে হামলার ঘটনায় সরকারের উচিত ছিল সব ধর্মীয় স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করা। কিন্তু এ ক্ষেত্রে সরকার ব্যর্থ হয়েছে বলে তিনি মন্তব্য করেন।

তিনি আরও বলেন, যদি সিসিটিভি ফুটেজ বা নির্ভরযোগ্য প্রমাণের ভিত্তিতে কাউকে গ্রেপ্তার করা হয়, তাহলে তাদের কোনো আপত্তি নেই। তবে বাস্তবে বিরোধী দলের নেতাকর্মীদের ঢালাওভাবে অভিযুক্ত করা হচ্ছে বলে তিনি অভিযোগ করেন।

আরমানের দাবি, তার নির্বাচনী এলাকায় যারা নির্বাচনে সক্রিয়ভাবে কাজ করেছিলেন, তাদের মধ্য থেকেই কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। অথচ ভিডিও ফুটেজে তাদের কোনো উপস্থিতি দেখা যায়নি।

তিনি বলেন, “গ্রেপ্তার হওয়া দুজন ব্যক্তি গত নির্বাচনে বিরোধী দলের হয়ে কাজ করেছেন। কিন্তু ঘটনার ভিডিওতে তাদের কোনো সম্পৃক্ততা নেই। তারপরও তাদের আটক করা হয়েছে।”

শাহ আলী মাজারে হামলার ঘটনায় নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়ে এই সংসদ সদস্য বলেন, তার দলকে পরিকল্পিতভাবে অভিযুক্ত করা হচ্ছে, যা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে তিনি মনে করেন।