মালয়েশিয়ায় আইন মেনে চলুন; হাইকমিশনার, জাতীয়, আন্তর্জাতিক, প্রবাসী, মালোয়েশিয়া, বাংলাদেশ হাইকমিশন, মনজুরুল করিম খান চৌধুরী, নীতিমালা,
মালোয়েশিয়া বাংলাদেশ হাইকমিশনার মনজুরুল করিম খান চৌধুরী।   ছবি: সংগৃহীত

মালয়েশিয়ায় বসবাসকারী প্রবাসী বাংলাদেশিদের স্থানীয় আইন এবং অন্যান্য নিয়মকানু মেনে চলার আহ্বান জানিয়েছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মনজুরুল করিম খান চৌধুরী।

শ‌নিবার (২৫ এপ্রিল) রা‌তে মালয়েশীয় সরকারের সামাজিক নিরাপত্তা সংক্রান্ত প্রতিষ্ঠান পারকেসোর যৌথ উদ্যোগে পেনাংয়ের পারকেসো ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

হাইকমিশনার বলেন, আপনারা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। আপনাদের কল্যাণ ও অধিকার সুরক্ষায় নবনির্বাচিত সরকার অঙ্গীকারবদ্ধ। মালয়েশীয় সরকার আপনাদের সামাজিক নিরাপত্তার জন্য নানান কর্মসূচি গ্রহণ করে আসছে। এসব কর্মসূচির সুবিধা পেতে আপনাদেরকে অবশ্যই স্থানীয় আইন ও অন‍্যান‍্য নিয়মকানুন মেনে চলতে হবে।

অনুষ্ঠানে অন্য বক্তারা প্রবাসী কর্মীদের কল্যাণ, অধিকার সুরক্ষা এবং কর্মীদের নিরাপদ কর্ম পরিবেশের ওপর গুরুত্বারোপ করেন। এ সময় তারা প্রবাসীদেরকে বৈধ পথে রেমিট্যান্স পাঠানোর আহ্বান জানান।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ হাইকমিশনের ডেপুটি হাই কমিশনার, মিনিস্টার (শ্রম), পারকেসোর প্রতিনিধি, বাংলাদেশ কমিউনিটির প্রতিনিধি, সিবিএল রেমিট্যান্স হাউসের প্রধান নির্বাহী, নিয়োগকর্তাদের (এমপ্লয়ার) প্রতিনিধি ও বাংলাদেশি কর্মীদের একজন প্রতিনিধি। 


অনুষ্ঠানে পারকেসো কর্তৃক প্রবাসী কর্মীদের কল্যাণে গৃহীত বিভিন্ন সামাজিক নিরাপত্তা কার্যক্রম সম্পর্কে তথ‍্য তুলে ধরা হয়। এসময় পারকেসোর পক্ষ থেকে বাংলাদেশি কর্মীসহ অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের বিভিন্ন প্রশ্নের জবাব দেওয়া হয়। পরে প্রবাসী কর্মীদের জন্য নির্মিত একটি ভিডিওচিত্র প্রদর্শন করা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পারকেসোর ফরেন ওয়ার্কার্স ডিভিশনের প্রধান মিস্টার হারিরি হারুন এবং ডাইরেক্টর রাফিদাহ বিনতি আব্দুল রহিম। এছাড়া পারকেসোর অন্যান্য কর্মকর্তা, বিভিন্ন কোম্পানি ও রেমিট্যান্স হাউসের প্রতিনিধিরা, প্রবাসী বাংলাদেশি কমিউনিটির নেতারা এবং মালয়েশিয়ায় কর্মরত শতাধিক প্রবাসী বাংলাদেশি কর্মী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।