হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ
দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ।   ছবি: সংগৃহীত

ভারতের রাজধানী দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহকে লক্ষ্য করে হত্যার হুমকির ঘটনা ঘটেছে। শনিবার রাতে দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের প্রধান ফটকের সামনে এ ঘটনা ঘটে।

রোববার (২১ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার মো. ফয়সাল মাহমুদ।

তিনি বলেন, শনিবার রাত সাড়ে ৮টা থেকে পৌনে ৯টার মধ্যে তিনটি গাড়িতে করে কয়েকজন ব্যক্তি বাংলাদেশ ভবনের সামনে এসে দাঁড়ায়। তারা কিছুক্ষণ গেটের সামনে চিৎকার করে এবং বাংলা ও হিন্দি ভাষা মিলিয়ে বিভিন্ন স্লোগান ও উসকানিমূলক বক্তব্য দেয়।

প্রেস মিনিস্টার বলেন, ওই ব্যক্তিরা ‘হিন্দুদের নিরাপত্তা দিতে হবে’ এবং ‘হাইকমিশনারকে ধরো’—এ ধরনের কথা বলে চিৎকার করতে থাকে। পরে তারা মূল ফটকের সামনে এসে আবারও কিছুক্ষণ চেঁচামেচি করে এবং এরপর সেখান থেকে চলে যায়।

হাইকমিশনারকে হত্যার হুমকি দেওয়া হয়েছিল কি না—এ প্রশ্নের জবাবে প্রেস মিনিস্টার বলেন, তাদের বক্তব্যে হুমকির ইঙ্গিত ছিল। তারা হিন্দি ও বাংলা মিশিয়ে এমন কথাও বলেছে—‘ওখানে হিন্দু মারলে আমরা এখানকার সবাইকে মেরে ফেলব।’

ঘটনার পর রাতে জরুরি ভিত্তিতে হাইকমিশনার বাংলাদেশ হাইকমিশনের ডিফেন্স উইংয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। ডিফেন্স উইংয়ের পক্ষ থেকে জানানো হয়, বিক্ষোভকারীরা শুধু চিৎকার করে চলে গেছে, কোনো ধরনের ভাঙচুর বা সহিংস কার্যক্রম ঘটায়নি।

এ ঘটনায় হাইকমিশনের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে প্রয়োজনীয় বিষয়গুলো খতিয়ে দেখা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।