কাঁচা আম, তরমুজ ও বেল এই তিন ফল দিয়ে তৈরি শরবত গরমকালে বেশ জনপ্রিয়।
কাঁচা আম, তরমুজ ও বেল এই তিন ফল দিয়ে তৈরি শরবত গরমকালে বেশ জনপ্রিয়।   ছবি: সংগৃহীত

তীব্র গরমে এক গ্লাস ঠান্ডা পানীয় যেন মুহূর্তেই স্বস্তি এনে দেয়। শুধু তৃষ্ণা মেটানোই নয়, শরীরকে সতেজ রাখতে পুষ্টিকর পানীয়ের দিকেও ঝোঁক বাড়ছে সবার। কাঁচা আম, তরমুজ ও বেল এই তিন ফল দিয়ে তৈরি শরবত গরমকালে বেশ জনপ্রিয়। তবে পুষ্টিগুণ ও উপকারিতার দিক থেকে কোনটি বেশি ভালো, তা নিয়ে রয়েছে নানা দিক।

কাঁচা আমের শরবত
কাঁচা আমে ভিটামিন সি ও বিভিন্ন খনিজ উপাদান থাকায় এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়ক। গরমে অরুচি কাটাতেও টক স্বাদের এই শরবত বেশ কার্যকর। তবে এর স্বাদ ঠিক রাখতে অনেক সময় অতিরিক্ত লবণ ও চিনি মেশানো হয়, যা স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে। বিশেষ করে ডায়াবেটিস বা ওজন নিয়ন্ত্রণে থাকা ব্যক্তিদের ক্ষেত্রে সতর্ক থাকা জরুরি। মাঝেমধ্যে পরিমিত পরিমাণে খেলে সমস্যা নেই, তবে নিয়মিত বেশি খাওয়া ঠিক নয়।

তরমুজের শরবত
তরমুজে প্রচুর পানি থাকায় এটি শরীরকে দ্রুত আর্দ্রতা জোগাতে পারে। পানিশূন্যতা দূর করতে এই শরবত বেশ কার্যকর। এতে থাকা লাইকোপেন নামের অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের জন্য উপকারী। তরমুজের স্বাভাবিক মিষ্টতা থাকায় আলাদা করে চিনি না দিলেই এটি স্বাস্থ্যকর থাকে। তাই গরমে সবচেয়ে সহজ ও নিরাপদ পানীয় হিসেবে তরমুজের শরবতকে ধরা যায়।

বেলের শরবত
বেলের শরবত তুলনামূলক ঘন হলেও এতে রয়েছে আঁশ, যা হজমে সহায়তা করে এবং কোষ্ঠকাঠিন্য প্রতিরোধে উপকারী। ক্ষুধা কমাতেও এটি ভূমিকা রাখে, ফলে ওজন নিয়ন্ত্রণে সহায়ক হতে পারে। এতে থাকা বিটা ক্যারোটিন শরীরে ভিটামিন এ-তে রূপান্তরিত হয়। তবে পুরো উপকার পেতে হলে শরবত ছেঁকে না খাওয়াই ভালো।

তিন ধরনের শরবতেরই রয়েছে আলাদা উপকারিতা। তবে শুধু তৃষ্ণা মেটানো ও শরীর ঠান্ডা রাখতে চাইলে তরমুজের শরবত সবচেয়ে কার্যকর। অন্যদিকে স্বাদের বৈচিত্র্যের জন্য কাঁচা আম ও বেলের শরবতও খাওয়া যেতে পারে।

তবে যেকোনো শরবত তৈরির সময় অতিরিক্ত চিনি, লবণ বা ক্রিমজাতীয় উপকরণ এড়িয়ে চলাই ভালো। আর মনে রাখতে হবে শরবতের পাশাপাশি সম্পূর্ণ ফল খেলে তবেই পাওয়া যাবে পুষ্টির পূর্ণ উপকার।

সিমু/আরটিএনএন