হরমুজ ইস্যুতে ইরানের ওপর চাপ বাড়াচ্ছে যুক্তরাজ্য
ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ইভেট কুপার।   ছবি: বিবিসি

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণকে ব্যবহার করে ইরান যেন ‘বিশ্ব অর্থনীতিকে জিম্মি’ করতে না পারে, সে লক্ষ্যে তেহরানের ওপর চাপ বাড়াচ্ছে যুক্তরাজ্য। এমন মন্তব্য করেছেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ইভেট কুপার।

মঙ্গলবার (২৮ এপ্রিল) মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, বৈশ্বিক জ্বালানি সরবরাহের বড় একটি অংশ এই গুরুত্বপূর্ণ নৌপথ দিয়ে পরিবাহিত হয়। ফলে এ পথে যেকোনো ধরনের বিঘ্ন বিশ্ব অর্থনীতির জন্য বড় ঝুঁকি তৈরি করতে পারে।

ইভেট কুপার জানান, মধ্যপ্রাচ্যে বাড়তে থাকা উত্তেজনার মধ্যে কূটনৈতিক তৎপরতা অব্যাহত রেখেছে যুক্তরাজ্য। বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান আলোচনা সফল করতে ব্রিটিশ সরকার সক্রিয়ভাবে কাজ করছে।

ব্রিটিশ কর্মকর্তারা সতর্ক করে বলেছেন, হরমুজ প্রণালিতে দীর্ঘমেয়াদি অস্থিরতা দেখা দিলে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম ব্যাপকভাবে বেড়ে যেতে পারে। এতে শুধু বিশ্ববাজার অস্থিতিশীল হবে না, বরং নতুন বৈশ্বিক অর্থনৈতিক সংকটও তৈরি হতে পারে।

বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে হরমুজ প্রণালি ঘিরে যেকোনো সংঘাত আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি নিরাপত্তার জন্য বড় হুমকি হয়ে উঠতে পারে।

সূত্র: মিডল ইস্ট আই