জেট ফুয়েলের নতুন দাম ঘোষণা
জেট ফুয়েলের নতুন দাম ঘোষণা   ছবি : সংগৃহীত

দেশে উড়োজাহাজে ব্যবহৃত জেট ফুয়েলের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, অভ্যন্তরীণ রুটের ফ্লাইটে প্রতি লিটার জেট ফুয়েলের দাম নির্ধারণ করা হয়েছে ১৮২ টাকা ৭১ পয়সা।

বুধবার (৭ অক্টোবর) জেট ফুয়েলের নতুন মূল্য নির্ধারণ করে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিইআরসি। এতে বলা হয়েছে, নতুন দাম ওই দিন দিনগত রাত ১২টা থেকে কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তা বহাল থাকবে।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, গত মাসে অভ্যন্তরীণ রুটে জেট ফুয়েলের প্রতি লিটারের দাম ছিল ১৬৫ টাকা ৬৫ পয়সা। সে হিসাবে এক মাসের ব্যবধানে দাম বেড়েছে ১৭ টাকা ৬ পয়সা। শতাংশের হিসাবে এই বৃদ্ধির হার প্রায় ১০ দশমিক ৩০ শতাংশ।

অন্যদিকে, আন্তর্জাতিক রুটের উড়োজাহাজের জন্য জেট ফুয়েলের দামও বাড়ানো হয়েছে। নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে প্রতি লিটার ১ দশমিক ১৮৮২ মার্কিন ডলার। এর আগে আন্তর্জাতিক ফ্লাইটের জন্য প্রতি লিটার জেট ফুয়েলের দাম ছিল ১ দশমিক ০৭৭০ ডলার।

বিইআরসি জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে জেট এ-১-এর প্ল্যাটস রেটের গড় মূল্য এবং বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) এলসি স্টেটমেন্টে উল্লেখিত মার্কিন ডলারের বিনিময় হার বিবেচনায় নিয়ে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।

নতুন নির্ধারিত দামে অভ্যন্তরীণ রুটের ক্ষেত্রে শুল্ক ও মূল্য সংযোজন কর (মূসক) অন্তর্ভুক্ত রয়েছে। আর আন্তর্জাতিক রুটের জন্য নির্ধারিত মূল্য শুল্ক ও মূসকমুক্ত।