আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আগামী ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত টানা সাত দিন দেশের সব ব্যাংক বন্ধ থাকবে। তবে তৈরি পোশাকশিল্প এলাকার কিছু শাখা এবং বন্দর সংশ্লিষ্ট ব্যাংকিং কার্যক্রম সীমিত পরিসরে চালু রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
সোমবার (১৮ মে) বাংলাদেশ ব্যাংকের সুপারভাইজারি ডেটা ম্যানেজমেন্ট অ্যান্ড এনালিটিক্স ডিপার্টমেন্ট (এসডিএডি) এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে।
এতে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের ধারাবাহিকতায় আগামী ২৩ মে শনিবার ও ২৪ মে রবিবার তফসিলি ব্যাংকগুলোর সব শাখা ও উপশাখা স্বাভাবিক সময়সূচি অনুযায়ী খোলা থাকবে। এরপর ২৫ মে সোমবার থেকে ৩১ মে রবিবার পর্যন্ত টানা সাত দিন ব্যাংক বন্ধ থাকবে।
তবে ঈদের আগে তৈরি পোশাকশিল্প খাতের শ্রমিক-কর্মচারীদের বেতন, বোনাস ও অন্যান্য ভাতা পরিশোধ এবং আমদানি-রপ্তানি কার্যক্রম সচল রাখতে কয়েকটি শিল্পাঞ্চলে সীমিত আকারে ব্যাংকিং কার্যক্রম চালু থাকবে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
সার্কুলার অনুযায়ী, ঢাকা মহানগরী, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, ভালুকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে অবস্থিত তৈরি পোশাকশিল্প সংশ্লিষ্ট বাণিজ্যিক ব্যাংকের শাখাগুলো ২৫ ও ২৬ মে খোলা থাকবে। এসব শাখায় সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত অফিস কার্যক্রম চলবে। আর গ্রাহক লেনদেন করা যাবে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত। এ সময় পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে নির্দেশ দেয়া হয়েছে।
এ ছাড়া সমুদ্র, স্থল ও বিমানবন্দর এলাকায় অবস্থিত ব্যাংকের শাখা, উপশাখা ও বুথগুলো সপ্তাহে সাত দিন ২৪ ঘণ্টা চালু রাখার আগের নির্দেশনাও বহাল থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত ঈদের দিন ছাড়া অন্যান্য সরকারি ও সাপ্তাহিক ছুটির দিনগুলোতে সীমিত আকারে আমদানি-রপ্তানি সংক্রান্ত ব্যাংকিং কার্যক্রম চালিয়ে যেতে বলা হয়েছে। এ জন্য স্থানীয় প্রশাসন এবং বন্দর ও কাস্টমস কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেয়া হয়েছে।
বাংলাদেশ ব্যাংক আরও জানিয়েছে, ছুটির দিনগুলোতে দায়িত্ব পালনকারী কর্মকর্তা-কর্মচারীরা বিধি অনুযায়ী অতিরিক্ত ভাতা পাবেন।
ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারায় অর্পিত ক্ষমতাবলে জনস্বার্থে এ নির্দেশনা জারি করা হয়েছে বলে সার্কুলারে উল্লেখ করা হয়।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!