ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদালতে আত্মসমর্পণ করে ৫০০ টাকার মুচলেকায় জামিন পেয়েছেন চিত্রনায়িকা পরীমনি। তবে জামিন নিয়ে আদালত থেকে বের হওয়ার সময় এক সাংবাদিকের মোবাইল ফোন কেড়ে নেওয়া এবং তাকে গালিগালাজ করার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। এ সময় পরীমনির নিরাপত্তারক্ষীদের ধাক্কায় মাথা ফেটে রক্তাক্ত হয়েছেন আদালতে আসা এক বিচারপ্রার্থী।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) ঢাকার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে এসব ঘটনা ঘটে। পরীমনির আদালতে উপস্থিতিকে কেন্দ্র করে সেখানে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়।
এর আগে বুধবার আদালত পরীমনির জামিন বাতিল করে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। পরদিন বৃহস্পতিবার সকালে আত্মসমর্পণ করে জামিন নিতে সকাল সাড়ে ৯টার দিকে আদালত প্রাঙ্গণে পৌঁছান তিনি।
আদালত চত্বরে পৌঁছে গাড়ির ভেতরেই অবস্থান করেন পরীমনি। এ সময় তার নিজস্ব নিরাপত্তারক্ষীরা গাড়িটি ঘিরে রাখেন। আশপাশে মানুষের চলাচলও কিছুটা নিয়ন্ত্রণ করেন তারা। কালো পোশাক পরা ১১ জন নিরাপত্তারক্ষীর পাশাপাশি সাধারণ পোশাকে আরও কয়েকজনকে তার নিরাপত্তায় নিয়োজিত থাকতে দেখা যায়।
পরীমনির আদালতে আত্মসমর্পণের খবর পেয়ে সকাল থেকেই আদালত প্রাঙ্গণে ভিড় করেন বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা। সকাল ১১টা ৪০ মিনিটের দিকে গাড়ি থেকে নেমে এজলাসের দিকে রওনা হন তিনি। এ সময় নিরাপত্তারক্ষীরা তাকে ঘিরে নিয়ে যান। সাংবাদিকরা ছবি ও ভিডিও ধারণ করতে গেলে তাদের সঙ্গে ধাক্কাধাক্কিতে জড়ান নিরাপত্তারক্ষীরা।
লিফটে ওঠার সময় ভিডিও ধারণ করতে গেলে দৈনিক সমকালের মাল্টিমিডিয়া রিপোর্টার রবিউল হোসাইনের মোবাইল ফোন কেড়ে নেন পরীমনি। পরে টান দিয়ে নিজের মোবাইল ফোন ফিরিয়ে নেন ওই সাংবাদিক।
এরপর ঢাকার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-১-এর ভারপ্রাপ্ত বিচারক মাহফুজুর রহমানের আদালতে হাজির হন পরীমনি। শুনানির একপর্যায়ে আদালতের বেঞ্চে বসে থাকা পরীমনি আসামির কাঠগড়ায় গিয়ে দাঁড়ান। তার পক্ষে আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভী জামিন আবেদন করে শুনানি করেন। শুনানি শেষে আদালত ৫০০ টাকা মুচলেকায় তার জামিন মঞ্জুর করেন।
জামিন পাওয়ার পর আদালত থেকে বের হওয়ার সময়ও পরীমনিকে ঘিরে রাখেন তার নিরাপত্তারক্ষীরা। এ সময় সাংবাদিকরা ছবি ও ভিডিও ধারণ করতে গেলে আবারও ধাক্কাধাক্কির ঘটনা ঘটে।
অভিযোগ রয়েছে, নিরাপত্তারক্ষীদের ধাক্কায় আদালতের বারান্দায় দাঁড়িয়ে থাকা সুজন চন্দ্র মনি দাস নামে এক বিচারপ্রার্থীর মাথা ফেটে যায়। এতে তার মাথা থেকে রক্ত ঝরতে দেখা যায়।
আহত সুজনের ভাই বলেন, “আমরা আদালতে এসেছিলাম। এখানে দাঁড়িয়ে ছিলাম। নায়িকা পরীমনির নিরাপত্তারক্ষীরা ধাক্কা দিয়ে আমার ভাইয়ের মাথা ফাটিয়ে দিয়েছে।”
তবে তিনি নিজের নাম প্রকাশ করতে চাননি।
এদিকে আদালত ভবনের নিচে নেমে গাড়িতে ওঠার আগে সমকালের মাল্টিমিডিয়া রিপোর্টার রবিউল হোসাইনকে দেখে তার দিকে তেড়ে যান পরীমনি। এ সময় সাংবাদিকদের গালিগালাজ করেন বলেও অভিযোগ উঠেছে। পরে আদালত প্রাঙ্গণ ত্যাগ করেন তিনি।
পরীমনির নিরাপত্তারক্ষীরা আরও কয়েকজন সাংবাদিককে ধাক্কা দিয়েছেন বলেও অভিযোগ করেছেন উপস্থিত সংবাদকর্মীরা। এসব অভিযোগের বিষয়ে পরীমনির বক্তব্য জানার চেষ্টা করা হচ্ছে।
২০২২ সালের ৬ জুলাই ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ আদালতে পরীমনির বিরুদ্ধে মামলাটি করেন। অভিযোগের বিষয়ে তদন্ত করে প্রতিবেদন দিতে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) নির্দেশ দেন আদালত।
২০২৩ সালের ১৮ মার্চ মামলার তদন্ত কর্মকর্তা পিবিআইয়ের ঢাকা জেলার পরিদর্শক মনির হোসেন পরীমনি ও জুনায়েদ বোগদাদী জিমির বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমা দেন। প্রতিবেদনে তাদের বিরুদ্ধে মারধর ও ভয়ভীতি দেখানোর অভিযোগের সত্যতা পাওয়ার কথা উল্লেখ করা হয়।
ওই বছরের ১৮ এপ্রিল আদালত দুই আসামিকে ২৫ জুন হাজির হওয়ার জন্য সমন জারি করেন। নির্ধারিত দিনে আদালতে আত্মসমর্পণ করে জামিন পান তারা।
গত বছরের ২৬ জানুয়ারি পরীমনি ও তার কস্টিউম ডিজাইনার জুনায়েদ বোগদাদী জিমির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন ঢাকার তৎকালীন জ্যেষ্ঠ বিচারিক হাকিম মো. জুনাইদ। সেদিন পরীমনি আদালতে উপস্থিত না হওয়ায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। তবে পরোয়ানা জারির পরদিনই আদালতে আত্মসমর্পণ করে জামিন পান তিনি।
এরপর ২৭ মার্চ অভিযোগ গঠনের আদেশ চ্যালেঞ্জ করে রিভিশন আবেদন করেন পরীমনি। গত বছরের ১২ সেপ্টেম্বর ঢাকার নবম অতিরিক্ত জেলা ও দায়রা জজ সাজ্জাদুর রহমান খান আবেদনটি খারিজ করে দেন। একই সঙ্গে মামলাটির বিচার কার্যক্রম চলতে কোনো বাধা নেই বলে আদেশ দেন আদালত।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!