কক্সবাজারে ৮ কোটি ৭০ লাখ টাকার ইয়াবা উদ্ধার ।
কক্সবাজারে ৮ কোটি ৭০ লাখ টাকার ইয়াবা উদ্ধার ।   ছবি: আরটিএনএন

কক্সবাজারের উখিয়ায় প্রায় ৮ কোটি ৭০ লাখ টাকা মূল্যের ২ লাখ ৯০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (১৬ মে) উখিয়া ব্যাটালিয়নের (৩৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

শুক্রবার (১৫ মে) রাতে উখিয়ার সীমান্তবর্তী উনচিপ্রাং এলাকার শাকেরের ঘের এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উনচিপ্রাং বিওপির একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার বিআরএম-১৭ থেকে প্রায় এক কিলোমিটার পশ্চিমে এবং বিওপি থেকে আনুমানিক দুই কিলোমিটার পূর্ব দিকে অবস্থান নেয়। রাত আটটার দিকে চারজন সন্দেহভাজন ব্যক্তিকে মিয়ানমার থেকে নাফ নদী পেরিয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখা যায়। এ সময় বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ করলে চোরাকারবারিরা বিজিবির উপস্থিতি টের পেয়ে হাতে থাকা প্লাস্টিকের বস্তা ফেলে খালের ভেতর দিয়ে সাঁতরে গ্রামের দিকে পালিয়ে যায়।

পরে টহল দল ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত প্লাস্টিকের বস্তার ভেতর থেকে খাকি রঙের প্যাকেটে মোড়ানো নীল রঙের বায়ুরোধী মোড়কে ২ লাখ ৯০ হাজার পিস ইয়াবা উদ্ধার করে।

উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম জানান, পালিয়ে যাওয়া মাদক চোরাকারবারিদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য সংশ্লিষ্ট এলাকায় গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি।