ডগ ‘হেনরীর’ সহায়তায় প্রাইভেটকার থেকে ৩২ হাজার পিস ইয়াবা উদ্ধার
অভিযুক্ত ব্যক্তি ও জব্দ ইয়াবা, প্রাইভেট কার ।   ছবি: আরটিএনএন

কক্সবাজারের টেকনাফ উপজেলায় একটি প্রাইভেটকার থেকে ৩২ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বিজিবি। এ ঘটনায় মাদক পাচারের অভিযোগে মো. তারেক (২৩) নামে এক যুবককে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (১৪ মে) রাত ৮টার দিকে হোয়াইক্যং চেকপোস্ট এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাগুলো উদ্ধার করা হয়।

আটক তারেক টেকনাফ উপজেলার গোদারপাড় এলাকার বাসিন্দা এবং মো. রফিকের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া ৬৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম।

তিনি জানান, হ্নীলা থেকে ছেড়ে আসা কক্সবাজারগামী একটি প্রাইভেটকার হোয়াইক্যং চেকপোস্টে পৌঁছালে বিজিবির সদস্যরা তল্লাশি চালান। এ সময় বিজিবির প্রশিক্ষিত ডগ স্কোয়াডের সদস্য ‘হেনরী’ গাড়িটিতে সন্দেহজনক সংকেত দেয়। পরে গাড়ির সামনের বাম্পারের ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ১৬টি প্যাকেট উদ্ধার করা হয়। সেগুলোতে মোট ৩২ হাজার পিস ইয়াবা পাওয়া যায়।

এ ঘটনায় প্রাইভেটকারের চালক তারেককে আটক করা হয়েছে। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকার ও একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি জানিয়েছেন, হ্নীলা থেকে ইয়াবাগুলো সংগ্রহ করে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে কক্সবাজারে নেওয়া হচ্ছিল।

লেফটেন্যান্ট কর্নেল জহিরুল ইসলাম বলেন, মাদক সরবরাহকারী ও সংশ্লিষ্ট চোরাকারবারিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। উদ্ধার হওয়া ইয়াবা, জব্দ করা আলামত ও আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।