উন্নয়নের নামে ‘হরিলুট’ চলবে না: ড. শফিকুল ইসলাম মাসুদ
উন্নয়নের নামে ‘হরিলুট’ চলবে না: ড. শফিকুল ইসলাম মাসুদ ।   ছবি: আরটিএনএন

পটুয়াখালীর বাউফলে খাল পুনঃখনন কার্যক্রম উদ্বোধন করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ বলেছেন, উন্নয়ন কর্মকাণ্ডের নামে কোনো ধরনের দুর্নীতি বরদাশত করা হবে না। তিনি বলেন, উন্নয়নের নামে আওয়ামী লীগ যেভাবে দেশকে ধ্বংস করেছে, সেই ধরনের হরিলুট আর চলবে না।

শনিবার (১৬ মে) সকালে পটুয়াখালী-২ (বাউফল) আসনের বগা ইউনিয়নের রাজনগর এলাকায় ৪০ দিনের কর্মসূচির আওতায় খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, ধান, নদী ও খাল এই তিনের সমন্বয়ে গড়ে উঠেছে বরিশাল অঞ্চল। বাউফলের মানুষের জীবন-জীবিকাও খালের সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত। খাল বাঁচলে কৃষি বাঁচবে, কৃষক বাঁচবে; আর কৃষক বাঁচলে দেশ বাঁচবে।

কৃষকদের সহায়তায় প্রয়োজনীয় সব ধরনের উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়ে তিনি বলেন, আমরা গর্বিত যে আমাদের পূর্বপুরুষরা কৃষক ছিলেন। কৃষিকে টিকিয়ে রাখতে খাল পুনঃখননের কোনো বিকল্প নেই। নির্বাচনের আগে জনগণ আমাকে খাল পুনঃখননের দাবি জানিয়েছিলেন। আজ আমরা সেই উদ্যোগ বাস্তবায়ন শুরু করেছি।

এ সময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উন্নয়ন কর্মকাণ্ডের প্রসঙ্গ তুলে তিনি বলেন, জিয়াউর রহমানও বাউফলে খাল পুনঃখননের উদ্যোগ নিয়েছিলেন। তাই এ প্রকল্পকে দলীয় দৃষ্টিভঙ্গিতে না দেখে জনকল্যাণমূলক উদ্যোগ হিসেবে মূল্যায়ন করা উচিত। এই খাল থেকে সব শ্রেণি-পেশার মানুষ উপকৃত হবেন।

খাল পুনঃখনন কাজে স্বচ্ছতা নিশ্চিত করতে কঠোর অবস্থানের কথা জানিয়ে তিনি বলেন, যারা এই কাজে দায়িত্ব পালন করবেন, তাদের কোনো ধরনের দুর্নীতির সুযোগ দেওয়া হবে না। আমরা চাই না সরকার বা সংশ্লিষ্ট কেউ প্রশ্নবিদ্ধ হোক।

তিনি আরও জানান, খাল পুনঃখনন কার্যক্রম তদারকির জন্য ইউনিয়নের প্যানেল চেয়ারম্যানকে প্রধান করে চার সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। পাশাপাশি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও জেলা প্রশাসনের কর্মকর্তারা নিয়মিত মনিটরিং করবেন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা সালেহ আহমেদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সোহাগ মিলু, বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলামসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা ও গণ্যমান্য ব্যক্তিরা।