রাজবাড়ীর কালুখালীতে খাল পুনঃখনন কাজের উদ্বোধন
রাজবাড়ীর কালুখালীতে খাল পুনঃখনন কাজের উদ্বোধন।   ছবি: আরটিএনএন

রাজবাড়ীর কালুখালী উপজেলায় প্রায় ৫ কিলোমিটার খাল পুনঃখনন কাজের উদ্বোধন করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী ২০২৫-২৬ অর্থবছরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীন অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচির (ইজিপিপি) আওতায় এ প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।

শনিবার (৯ মে) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার মাজবাড়ী ইউনিয়নের কুমোড় গড়া বিলে প্রকল্পটির উদ্বোধন করেন রাজবাড়ী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আফরোজা পারভীন।

এ সময় উপস্থিত ছিলেন কালুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেজবাহ উদ্দিন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামস সাদাত মাহমুদ উল্লাহ, কালুখালী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মোশাররফ হোসেন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. নাইমুর রহমান এবং মাজবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী শরিফুল ইসলাম। এছাড়া স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

প্রকল্প সূত্রে জানা যায়, মাজবাড়ী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের কুমোড় গড়া বিল থেকে ৬ নম্বর ওয়ার্ডের গড়াই টিক্কার বিল হয়ে মুনাই বিল পর্যন্ত প্রায় ৫ কিলোমিটার খাল পুনঃখনন করা হবে। এতে প্রায় ৪৬ হাজার ঘনফুট মাটি কাটা হবে।

প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ১ কোটি ২৮ লাখ ৭৮ হাজার ৫৩৭ টাকা। এর মধ্যে শ্রমিকদের মজুরি বাবদ ব্যয় হবে ৬৩ লাখ ৯৪ হাজার ৩৪৯ টাকা। এ কর্মসূচির আওতায় ২৯৭ জন শ্রমিক কাজের সুযোগ পাবেন। প্রতিদিন প্রতিজনের মজুরি নির্ধারণ করা হয়েছে ৫০০ টাকা। ৪৩ কার্যদিবসব্যাপী এ কাজ চলবে এবং শেষ হওয়ার কথা রয়েছে ২০ জুন ২০২৬।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে খালটি ভরাট হয়ে যাওয়ায় বর্ষা মৌসুমে জলাবদ্ধতা সৃষ্টি হতো এবং কৃষিজমিতে পানি নিষ্কাশনে সমস্যা দেখা দিত। খাল পুনঃখনন হলে কৃষি উৎপাদন বাড়বে এবং জলাবদ্ধতা কমবে বলে আশা করা হচ্ছে।