উলশী খাল পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
উলশী খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী।   ছবি: আরটিএনএন

পাঁচ দশক আগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যশোরের উলশীতে খাল খনন কর্মসূচি শুরু করেছিলেন। আজ আবার সেই উলশীতে খাল পুনঃখনন কার্যক্রম উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।  

সোমবার (২৭ এপ্রিল) বেলা ১১টা ৫৫ মিনিটে আনুষ্ঠানিকভাবে খাল পুনঃখননের উদ্বোধন করা হয়। উদ্বোধনের পর স্থানীয় এক সমাবেশে যোগ দেন প্রধানমন্ত্রী ।

এর আগে সকাল সাড়ে ৯টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যশোরের উদ্দেশে রওনা দেন প্রধানমন্ত্রী। সকাল ১০টা ১৫ মিনিটে তাকে বহনকারী বিমান যশোর বিমানবন্দরে অবতরণ করে।

সেখানে তাকে স্বাগত জানান যশোর-৩ আসনের সংসদ সদস্য ও বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমসহ ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা।

উল্লেখ্য, ১৯৭৬ সালের ১ নভেম্বর শার্শা উপজেলার উলসী থেকে যদুনাথপুর পর্যন্ত প্রায় ৪ কিলোমিটার দীর্ঘ এই খাল স্বেচ্ছাশ্রমে খনন করা হয়েছিল, যা পরবর্তীতে ‘জিয়া খাল’ নামে পরিচিতি পায়। পাঁচ দশক পর বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে খালটি পুনঃখনন করা হচ্ছে।

উলশী-যদুনাথপুর খাল খনন প্রকল্পের সঙ্গে সংশ্লিষ্ট পুরোনো একটি ফলক এখনো সংরক্ষিত রয়েছে। সেখানে উল্লেখ আছে, এটি ছিল বেতনা নদীর সংযোগ প্রকল্প এবং ১৯৭৬ সালে মেজর জেনারেল জিয়াউর রহমানের উদ্বোধনে সামাজিক আন্দোলনের অংশ হিসেবে বাস্তবায়িত হয়েছিল।