চালু হলো বাংলাবান্ধা স্থলবন্দরে আমদানি-রপ্তানি, আমদানি, রপ্তানি, স্থলবন্দর, ভারতের নির্বাচন, নির্বাচনের ফল ঘোষণা,
চালু হলো বাংলাবান্ধা স্থলবন্দরে আমদানি-রপ্তানি।   ছবি: আরটিএনএন

ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণাকে কেন্দ্র করে বাংলাবান্ধা স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম দুইদিন (৫ ও ৬ মে) সাময়িক বন্ধ ছিল। 

বৃহস্পতিবার (৭ মে) সকাল ১০ টা হতে পূর্ণরূপে আমদানি-রপ্তানি কার্যক্রম পুনরায় শুরু হয়েছে। স্থলবন্দর সূত্রে জানা যায়, ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণাকে কেন্দ্র করে ভারতের ফুলবাড়িতে বিজেপি ও তৃণমূল কংগ্রেস এর নেতাকর্মীদের ব্যবসা বাণিজ্যের আধিপত্য বিস্তার এর জেরে গত ৫ ও ৬ মে দুই দিন আমদানি- রপ্তানি কার্যক্রম বন্ধ ছিল। 

এছাড়াও ওই কারণে ভুটান সরকার তাদের সীমান্ত সীল গালাসহ সকল প্রকার আমদানি - রপ্তানি ও ইমিগ্রেশন কার্যক্রম বন্ধ ঘোষণা করেন। ফলে ভারতের ফুলবাড়ি শুল্ক স্টেশনে কিছু ভুটানী, ভারতীয় ও নেপালী পণ্যবাহী ট্রাক আটকে যায়। বৃহস্পতিবার পণ্য বোঝাই আটকে থাকা ট্রাকগুলোকে ছাড়পত্র দেওয়ার বিষয়ে বাংলাবান্ধা ও ফুলবাড়ি কাস্টমস এর মধ্যকার আলোচনা হয়েছে। 

তবে ফুলবাড়ি শুল্ক স্টেশনে নতুন করে কোন টেন্ডার কার্যক্রম হয়নি। কিন্তু বাংলাবান্ধা ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে যাত্রী আগমন-বহির্গমণ কার্যক্রম স্বাভাবিক রয়েছে। 

বাংলাবান্ধা স্থলবন্দর আমদানী-রপ্তানীকারক সিএন্ডএফ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. জাহাংগীর আলম বলেন, ভারতের বিধান সভার ফলাফল ঘোষণার কারণে দু’দিন আমদানী-রপ্তানী বন্ধ ছিল। আজকে নতুন করে কোন পণ্য আমদানী রপ্তানী টেন্ডার কার্যক্রম হয়নি। তবে আগের কিছু পণ্যবাহী আটকে থাকা ট্রাকগুলোকে ভারতের ফুলবাড়ি শুল্ক স্টেশন থেকে পাস নিয়ে বাংলাবান্ধা স্থলবন্দরে এসেছে। ভারতের ফুলবাড়ি শুল্ক স্টেশনের কমিটি গঠন সংক্রান্ত জেরে পুরোদমে কার্যক্রম শুরু হতে সপ্তাহখানেক সময় লেগে যেতে পারে।  

বাংলাবান্ধা স্থলবন্দর পোর্ট ম্যানেজার আবুল কালাম আজাদ বলেন, সীমিত হারে পোর্টের কার্যক্রম চালু হয়েছে। এ বিষয়ে বাংলাবান্ধা স্থলবন্দর ও ইমিগ্রেশনের দায়িত্বপ্রাপ্ত সহকারি কাস্টমস কর্মকর্তা মো. সাইদুর রহমান মুন্নার সংগে মুঠোফোনে এবং হোয়াটঅ্যাপসে একাধিকবার যোগাযোগে চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেননি।