খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী বৈঠকে নেতৃবৃন্দ ভারতে সংখ্যালঘু মুসলমানদের ওপর হামলা ও নির্যাতনের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।
খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী বৈঠকে নেতৃবৃন্দ ভারতে সংখ্যালঘু মুসলমানদের ওপর হামলা ও নির্যাতনের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।   ছবি: আরটিএনএন

খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী বৈঠকে নেতৃবৃন্দ ভারতে সংখ্যালঘু মুসলমানদের ওপর হামলা ও নির্যাতনের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। বৈঠকে বলা হয়, সম্প্রতি বিভিন্ন রাজ্য বিধানসভা নির্বাচনের পর সহিংসতা বৃদ্ধি পেয়েছে, যা উদ্বেগজনক পরিস্থিতি তৈরি করেছে।

নেতৃবৃন্দের দাবি, বিশেষ করে পশ্চিমবঙ্গ ও আসামে মুসলমানদের “বাংলাদেশি” ট্যাগ দিয়ে নির্যাতন করা হচ্ছে। মসজিদ, বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুরের পাশাপাশি শারীরিকভাবে লাঞ্ছিত করার ঘটনাও ঘটছে বলে তারা অভিযোগ করেন। এসব ঘটনায় বহু মানুষ হতাহত হয়েছে এবং অনেক পরিবার ঘরবাড়ি ছেড়ে আশ্রয়কেন্দ্রে মানবেতর জীবনযাপন করছে বলেও উল্লেখ করা হয়।

বৈঠকে আরও বলা হয়, এ ধরনের পরিস্থিতিতে বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় ও রাজ্য সরকার দায়িত্ব পালনে ব্যর্থতার পরিচয় দিচ্ছে। একই সঙ্গে এসব ঘটনার কারণে বাংলাদেশ সীমান্তে পুশইনের শঙ্কাও বাড়ছে বলে মন্তব্য করা হয়।

খেলাফত মজলিস উগ্রবাদী হামলার তীব্র নিন্দা জানিয়ে ভারত সরকারের প্রতি সংখ্যালঘু মুসলমানদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানায়। পাশাপাশি বাংলাদেশ সরকারের কাছে ভারতের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ ও ক্ষোভ প্রকাশেরও দাবি জানানো হয়।

বৈঠকে আরও বলা হয়, দেশে মাদক, অশ্লীলতা, কিশোর গ্যাং ও সামাজিক অবক্ষয় বাড়ছে। ধর্মীয় শিক্ষা ও মূল্যবোধ জোরদার, আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।

এছাড়া হাওর অঞ্চলের আকস্মিক জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়াতে সরকারকে আহ্বান জানানো হয়। ফেনী, সিলেট ও রংপুরসহ বিভিন্ন বন্যা কবলিত এলাকায় স্থায়ী বাঁধ নির্মাণ ও খাল খননের মাধ্যমে টেকসই সমাধানেরও দাবি জানানো হয়।

বৈঠকে সংবিধান সংস্কার, গণভোটের রায় বাস্তবায়ন এবং জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ও আহতদের প্রতি যথাযথ সম্মান নিশ্চিত করার বিষয়েও আলোচনা হয়। নেতৃবৃন্দ বলেন, জুলাই গণহত্যাসহ সকল ঘটনার বিচার দ্রুত সম্পন্ন করতে হবে এবং দণ্ডপ্রাপ্তদের দেশে ফিরিয়ে এনে রায় কার্যকর করতে হবে।

গতকাল সন্ধ্যা ৭টায় পল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে আমীরে মজলিস মাওলানা আব্দুল বাছিত আজাদের সভাপতিত্বে এবং মহাসচিব ড. আহমদ আবদুল কাদেরের পরিচালনায় মাসিক কেন্দ্রীয় নির্বাহী বৈঠকটি অনুষ্ঠিত হয়। এতে সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।