পঞ্চগড়ে বিআইসিএমের বিনিয়োগ শিক্ষা প্রোগ্রাম অনুষ্ঠিত
পঞ্চগড়ে বিআইসিএমের বিনিয়োগ শিক্ষা প্রোগ্রাম অনুষ্ঠিত।   ছবি: সংগৃহীত

পঞ্চগড়ের মকবুলার রহমান সরকারি কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে ‘ইনভেস্টমেন্ট ইন ক্যাপিটাল মার্কেট’ শীর্ষক এক বিনিয়োগ শিক্ষা প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ইন্সটিটিউট অব ক্যাপিটাল মার্কেটের (বিআইসিএম) বৃহস্পতিবার (২৩ এপ্রিল) কলেজের একাডেমিক কাম এক্সামিনেশন হলের সম্মেলন কক্ষে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোঃ জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একাউন্টিং বিভাগের সভাপতি মোঃ মাহমুদুল হক, বিআইসিএম-এর উপ-পরিচালক মোঃ সিরাজুল ইসলাম এবং সহকারী অধ্যাপক মোঃ হাবিবুল্লাহ, এফসিসিএ। এছাড়াও একাউন্টিং বিভাগের প্রভাষক অঞ্জন কুমার দাসসহ বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রোগ্রামের বিভিন্ন সেশন পরিচালনা করেন বিআইসিএম-এর সহকারী অধ্যাপক মোঃ হাবিবুল্লাহ, প্রভাষক গৌরব রায় এবং প্রভাষক মোঃ আদনান আহমেদ। সেশনগুলোতে শিক্ষার্থীদের পুঁজিবাজার, বিনিয়োগ কৌশল এবং আর্থিক সচেতনতা বিষয়ে ধারণা দেওয়া হয়।

আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মধ্যে বিনিয়োগ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং পুঁজিবাজার বিষয়ে বাস্তবভিত্তিক জ্ঞান প্রসারে বিআইসিএম নিয়মিতভাবে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও সরকারি কলেজে এ ধরনের প্রশিক্ষণ ও কর্মশালা আয়োজন করে আসছে। এরই ধারাবাহিকতায় মকবুলার রহমান সরকারি কলেজে এ কর্মসূচির আয়োজন করা হয়।