গরমের ছুটিতে ভ্রমণ? আরামদায়ক ও নিরাপদ ভ্ররমণের জন্য জেনে নিন জরুরি টিপস
সঙ্গে কী কী নেয়া যেতে পারে।   ছবি: সংগৃহীত

গ্রীষ্মের ছুটি মানেই ব্যস্ততা থেকে একটু মুক্তি, আর প্রিয় মানুষদের সঙ্গে কোথাও ঘুরে আসার পরিকল্পনা। কেউ ছুটছেন পাহাড়ে, কেউ সমুদ্রের টানে, আবার কেউ খুঁজছেন সবুজে ঘেরা শান্ত কোনো গন্তব্য। তবে প্রচণ্ড গরমে ভ্রমণকে স্বস্তিদায়ক ও ঝামেলামুক্ত রাখতে কিছু বিষয়ে আগে থেকেই প্রস্তুত থাকা জরুরি।

ভ্রমণ বিশেষজ্ঞদের মতে, সামান্য সচেতনতা পুরো সফরকে আরও আরামদায়ক ও নিরাপদ করে তুলতে পারে। তাই রওনা হওয়ার আগে জেনে নিন গরমে ভ্রমণের কিছু প্রয়োজনীয় পরামর্শ।

যাত্রার আগে পরিকল্পনা করুন

ভ্রমণের আগে যাতায়াত ব্যবস্থা সম্পর্কে ভালোভাবে খোঁজ নিন। পরিবার নিয়ে ভ্রমণে গেলে যানবাহনের আরাম ও নিরাপত্তার বিষয়টি গুরুত্ব দিন। এসি বা নন-এসি—যেটি আপনার জন্য স্বস্তিদায়ক, সেটিই বেছে নিন। আর ব্যক্তিগত গাড়িতে গেলে গাড়ির কন্ডিশন আগে থেকেই পরীক্ষা করে নেওয়া ভালো।

প্রয়োজনীয় জিনিস রাখুন হাতের কাছে

ভ্রমণের সময় কখন কী দরকার পড়ে বলা যায় না। তাই ব্যাগে রাখুন—

  • ফার্স্ট এইড বক্স
  • পাওয়ার ব্যাংক ও মোবাইল চার্জার
  • টর্চলাইট
  • রেইনকোট বা ছাতা
  • ওয়াটারপ্রুফ ব্যাগ
  • অতিরিক্ত পানির বোতল
  • ছোট চার্জার ফ্যান

এগুলো দীর্ঘ ভ্রমণে বেশ কাজে দেয়।

সানস্ক্রিন ও সানগ্লাস নিতে ভুলবেন না

গরমে ত্বক ও চোখের সুরক্ষা খুবই গুরুত্বপূর্ণ। বাইরে বের হওয়ার আগে এসপিএফ ৩০ বা তার বেশি সানস্ক্রিন ব্যবহার করুন। পাশাপাশি চোখ রক্ষায় সানগ্লাস, আর রোদ এড়াতে ক্যাপ বা হ্যাট ব্যবহার করতে পারেন।

আরামদায়ক পোশাক বেছে নিন

গরমে ভ্রমণের জন্য হালকা রঙের ঢিলেঢালা পোশাক সবচেয়ে ভালো। সুতি বা হালকা কাপড় শরীর ঠান্ডা রাখতে সাহায্য করে এবং দীর্ঘ যাত্রায় স্বস্তি দেয়।

সঙ্গে রাখুন শুকনো খাবার ও পানি

দীর্ঘ সময় রাস্তায় আটকে গেলে বা খাবার সহজে না পেলে শুকনো খাবার খুব কাজে আসে। ব্যাগে রাখতে পারেন বিস্কুট, বাদাম, মুড়ি কিংবা এনার্জি বার। আর পর্যাপ্ত পানি রাখা অবশ্যই জরুরি।

প্রয়োজনীয় ওষুধ নিতে ভুলবেন না

নিয়মিত কোনো ওষুধ সেবন করলে তা অবশ্যই সঙ্গে রাখুন। এছাড়া মাথাব্যথা, অ্যালার্জি, গ্যাস্ট্রিক বা ডায়রিয়ার ওষুধও রাখা ভালো। শিশু বা পোষা প্রাণী সঙ্গে থাকলে তাদের প্রয়োজনীয় ওষুধও নিতে হবে।

পাহাড়, বন বা ক্যাম্পিংয়ে বাড়তি সতর্কতা

প্রকৃতির কাছাকাছি গেলে মশা ও পোকামাকড়ের ঝুঁকি বাড়ে। তাই ইনসেক্ট রিপেলেন্ট ব্যবহার করুন। অচেনা গাছপালা স্পর্শ করা থেকেও বিরত থাকুন, কারণ কিছু গাছে ত্বকে অ্যালার্জি বা র‍্যাশ হতে পারে।

সমুদ্র ও সুইমিংপুলে সতর্ক থাকুন

সমুদ্রে বা সুইমিংপুলে নামার আগে নিরাপত্তা নির্দেশনা মেনে চলুন। শিশুদের ক্ষেত্রে বাড়তি নজরদারি প্রয়োজন। সামান্য অসাবধানতাও বড় দুর্ঘটনার কারণ হতে পারে।

বিদেশ ভ্রমণে যেগুলো জরুরি

বিদেশে ভ্রমণের সময়—

  • পাসপোর্ট ও গুরুত্বপূর্ণ কাগজপত্রের ফটোকপি আলাদা রাখুন
  • ই-টিকিটের প্রিন্ট কপি সঙ্গে রাখুন
  • হ্যান্ডব্যাগে অতিরিক্ত এক সেট পোশাক রাখুন
  • গন্তব্য দেশের আবহাওয়া, সংস্কৃতি ও নিয়মকানুন সম্পর্কে আগে থেকেই জেনে নিন
  • প্রয়োজনীয় টিকা ও মেডিকেল তথ্য সঙ্গে রাখুন

ভ্রমণ শুধু নতুন জায়গা দেখা নয়, বরং নতুন অভিজ্ঞতা আর সুন্দর স্মৃতি তৈরি করারও নাম। তাই সামান্য প্রস্তুতি ও সচেতনতাই আপনার গ্রীষ্মকালীন সফরকে করে তুলতে পারে আরও আনন্দময় ও নিশ্চিন্ত।