শ্রীলঙ্কাকে ২২৩ রানে হারিয়ে সিরিজ ইংল্যান্ডের
শ্রীলঙ্কাকে ২২৩ রানে হারিয়ে সিরিজ ইংল্যান্ডের।   ছবি: সংগৃহীত

টম ব্যান্টনের প্রথম ওয়ানডে সেঞ্চুরি, হ্যারি ব্রুক ও জর্ডান কক্সের ঝোড়ো ব্যাটিং—সব মিলিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে দারুণ এক জয় তুলে নিয়েছে ইংল্যান্ড।

লন্ডনের ওভালে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে শ্রীলঙ্কাকে ২২৩ রানে হারিয়ে ২-১ ব্যবধানে সিরিজ নিজেদের করে নিয়েছে ইংলিশরা। ওয়ানডেতে এটিই লঙ্কানদের বিপক্ষে তাদের সবচেয়ে বড় ব্যবধানে জয়।

টস জিতে ব্যাট করতে নেমে শুরুতেই বেন ডাকেটকে হারায় ইংল্যান্ড। তবে এরপর জো রুটকে নিয়ে ৬২ রানের জুটি গড়েন ব্যান্টন। রুট ১৮ রানে ফিরলেও ব্যান্টনকে থামানো যায়নি।হ্যারি ব্রুককে সঙ্গে নিয়ে তৃতীয় উইকেটে ১৫০ রান যোগ করেন তিনি।

৯৫ বলে সেঞ্চুরি পূর্ণ করা ব্যান্টন শেষ পর্যন্ত ১০৫ বলে ১২৬ রানে থামেন। তার ইনিংসে ছিল ১৬টি চার ও ৫টি ছক্কা। ব্রুক করেন ৭৭ রান।

শেষ দিকে জর্ডান কক্সের ৭৬ রানের ঝোড়ো ইনিংসে ৫০ ওভারে ৭ উইকেটে ৩৫৫ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় ইংল্যান্ড।

জবাবে শুরু থেকেই চাপে পড়ে শ্রীলঙ্কা। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ২৯.১ ওভারে মাত্র ১৩২ রানে অলআউট হয় তারা। সর্বোচ্চ ৩৫ রান করেন অধিনায়ক কুশল মেন্ডিস। ইংল্যান্ডের লিয়াম ডসন ২৬ রানে ৩টি এবং গাস অ্যাটকিনসন ২৬ রানে নেন ২ উইকেট।