আর্জেন্টিনা দলকে বড় দুঃসংবাদ দিলো ফিফা
আর্জেন্টিনা দলকে বড় দুঃসংবাদ দিলো ফিফা।   ছবি: সংগৃহীত

বিশ্বকাপে নানা ঘটনার জেরে আর্জেন্টিনা জাতীয় দল ও দেশটির ফুটবল অ্যাসোসিয়েশনকে (এএফএ) কঠোর শাস্তি দিয়েছে ফিফার ডিসিপ্লিনারি কমিটি। ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনাল জয়ের পর ফকল্যান্ড দ্বীপপুঞ্জের পতাকা প্রদর্শন এবং স্পেনের বিপক্ষে ফাইনাল হারের পর সংঘর্ষের ঘটনায় এই শাস্তি দেয়া হয়েছে। খবর টিওয়াইসি স্পোর্টসের। 

ফিফার সিদ্ধান্ত অনুযায়ী, স্পেনের এরিক গার্সিয়ার সঙ্গে অসৌজন্যমূলক আচরণের কারণে পারেদেস ও আলমাদাকে শাস্তি দেয়া হয়েছে। সতীর্থকে রক্ষা করতে এগিয়ে আসা গাভিও ওই ঘটনায় আর্জেন্টাইন খেলোয়াড়দের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন। অন্যদিকে বিশ্বকাপ জয়ের উদযাপনে যাওয়ার সময় স্পেনের রদ্রি হার্নান্দেজের শরীরের ওপরের অংশে ঘুষি মারার ঘটনায় শাস্তি পেয়েছেন মোলিনা।

আর্জেন্টিনার কোচিং স্টাফের সদস্য রবার্তো ‘রাতোন’ আয়ালাও শাস্তি থেকে রেহাই পাননি। স্পেনের দানি ওলমোকে ঘুষি মারার ঘটনায় তাকে তিন ম্যাচ নিষেধাজ্ঞা ও ৩০ হাজার মার্কিন ডলার জরিমানা করা হয়েছে। পারেদেস, মোলিনা, আলমাদা ও আয়ালার সব নিষেধাজ্ঞাই জাতীয় দলের পরবর্তী ম্যাচগুলোতে কার্যকর হবে।

খেলোয়াড়দের শাস্তির পাশাপাশি ফকল্যান্ড দ্বীপপুঞ্জ নিয়ে ব্যানার প্রদর্শন এবং সমর্থকদের বৈষম্যমূলক আচরণের কারণেও এএফএকে বড় অঙ্কের জরিমানা করেছে ফিফা। এএফএকে মোট ৩ লাখ ২১ হাজার মার্কিন ডলার জরিমানা করা হয়েছে। খেলাধুলার আয়োজনকে ভিন্ন ধরনের প্রচারণায় ব্যবহার, দলের অনিয়মিত আচরণ, সমর্থকদের বৈষম্যমূলক ও বর্ণবাদী স্লোগান-অঙ্গভঙ্গি এবং ম্যাচের শৃঙ্খলা ও নিরাপত্তা-সংক্রান্ত নিয়ম ভঙ্গের অভিযোগে এই শাস্তি দেওয়া হয়েছে।

ফিফার বৈষম্যবিরোধী বিধি ভঙ্গের কারণে আর্জেন্টিনার জাতীয় দলের পরবর্তী দুটি ম্যাচে দর্শকসংখ্যা ৫০ শতাংশে সীমিত থাকবে। পাশাপাশি জরিমানার ১ লাখ ডলার বৈষম্যবিরোধী কর্মসূচিতে বিনিয়োগ করতে হবে এএফএকে।

ফিফার ডিসিপ্লিনারি কমিটি শুক্রবার সংশ্লিষ্ট পক্ষগুলোকে তাদের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে। সিদ্ধান্তের বিস্তারিত ব্যাখ্যা পেতে সংশ্লিষ্ট পক্ষগুলোর হাতে ১০ দিন সময় রয়েছে। এরপর নির্ধারিত নিয়ম অনুযায়ী সিদ্ধান্তের বিরুদ্ধে আপিলও করা যাবে।