হাতের আঙ্গুলে চোট পেয়েছেন এমিলিয়ানো মার্টিনেজ।
হাতের আঙ্গুলে চোট পেয়েছেন এমিলিয়ানো মার্টিনেজ।   ছবি: সংগৃহীত

বিশ্বকাপের ঠিক আগে আর্জেন্টিনা শিবিরে দুশ্চিন্তার নাম এখন এমিলিয়ানো মার্টিনেজ। হাতে চোট পাওয়ায় প্রায় ২০ দিনের জন্য মাঠের বাইরে ছিটকে গেছেন আর্জেন্টাইন এই গোলরক্ষক। তবে স্বস্তির খবর, ২০২৬ বিশ্বকাপের প্রথম ম্যাচের আগেই তার পুরোপুরি সুস্থ হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে।

ইউরোপা লিগের ফাইনালের ওয়ার্ম-আপে চোট পান এমিলিয়ানো মার্টিনেজ। ডান হাতের আঙুলে চোট নিয়েই পুরো ম্যাচ খেলেন তিনি। তার দল অ্যাস্টন ভিলা ফুটবল ক্লাব ৩–০ গোলের জয়ে শিরোপাও জেতে।

আর্জেন্টিনার সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, এক্স-রে রিপোর্টে মার্টিনেজের ডান হাতের আঙুলে ছোট একটি ফ্র্যাকচার ধরা পড়েছে। যদিও আপাতত অস্ত্রোপচারের প্রয়োজন নেই, চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তাকে প্রায় ২০ দিন মাঠের বাইরে থাকতে হবে।

এ কারণে বিশ্বকাপের আগে আর্জেন্টিনার দুটি প্রস্তুতি ম্যাচে খেলতে পারবেন না মার্টিনেজ। আগামী ৬ জুন টেক্সাসের কাইল ফিল্ডে হন্ডুরাসের বিপক্ষে এবং ৯ জুন আলাবামার জর্ডান-হেয়ার স্টেডিয়ামে আইসল্যান্ডের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা।

ইউরোপা লিগের ফাইনালের পর ইএসপিএনকে দেওয়া সাক্ষাৎকারে মার্টিনেজ বলেন,
“ওয়ার্ম-আপে আমার আঙুল ভেঙে যায়। তবে সব কিছুরই ভালো দিক আছে। আমি সারাজীবন এমন পরিস্থিতির মধ্য দিয়েই খেলেছি, এখনও খেলছি।”

গত কয়েক বছরে আর্জেন্টিনা দলের নির্ভরতার প্রতীকে পরিণত হয়েছেন মার্টিনেজ। তাই বিশ্বকাপের আগে তার চোট স্বাভাবিকভাবেই কিছুটা উদ্বেগ বাড়িয়েছে সমর্থকদের মধ্যেও।

যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় অনুষ্ঠিতব্য ২০২৬ বিশ্বকাপে গ্রুপ ‘জে’তে রয়েছে আর্জেন্টিনা একই গ্রুপে আছে আলজেরিয়া, অস্ট্রিয়া ও জর্ডান। বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের প্রথম ম্যাচ আগামী ১৬ জুন, আলজেরিয়ার বিপক্ষে।

 

এমএকেই/আরটিএনএন