লিওনেল মেসি, ইন্টার মায়ামি, ফুটবল, আর্জেন্টিনা, জিওভানি লো সোলসো
লিওনেল মেসি ও জিওভানি লো সোলসো   ছবি: সংগৃহীত

ফরাসি ক্লাব প্যারিস সাঁ জার্মেইন থেকে লিওনেল মেসিকে দলে ভেড়ানোর পর থেকেই মেজর লিগ সকারে (এমএলএস) একের পর এক তারকা ফুটবলার যুক্ত করছে ইন্টার মায়ামি। ২০২৪ সালে অ্যাথলেটিকো মাদ্রিদ থেকে আর্জেন্টাইন মিডফিল্ডার রদ্রিগো ডি পলকে উড়িয়ে আনার পর এবার আরেক আর্জেন্টাইন তারকাকে দলে টানার পরিকল্পনা করেছে এমএলএস চ্যাম্পিয়নরা। লক্ষ্য মেসির জাতীয় দল সতীর্থ জিওভানি লো সেলসো।

আর্জেন্টাইন গণমাধ্যম মুন্দো আলবিসেলেস্তে–র প্রতিবেদনে বলা হয়েছে, স্প্যানিশ ক্লাব রিয়াল বেতিসের মিডফিল্ডার লো সেলসোকে পেতে প্রায় ৫০ লাখ ইউরো দাবি করতে পারে ক্লাবটি। ২৯ বছর বয়সী এই মিডফিল্ডার ২০২৪ সালে টটেনহ্যাম হটস্পার ছেড়ে রিয়াল বেতিসে যোগ দেন এবং বর্তমানে ২০২৮ সাল পর্যন্ত ক্লাবটির সঙ্গে চুক্তিবদ্ধ।

মূলত, অভিজ্ঞ মিডফিল্ডার সার্জিও বুসকেতস ও লেফটব্যাক জর্দি আলবার বিদায়ের ফলে তৈরি হওয়া শূন্যতা পূরণ করতেই স্কোয়াড পুনর্গঠনের পথে হাঁটছে ইন্টার মায়ামি। বাম প্রান্তের ডিফেন্ডার হিসেবে সার্জিও রেগিলনের দায়িত্ব নেওয়ার সম্ভাবনা থাকলেও, মিডফিল্ডের শক্তি বাড়াতে লো সেলসোকেই আদর্শ সমাধান হিসেবে দেখছে ক্লাবটি।

ইন্টার মায়ামির পুরো প্রকল্পই লিওনেল মেসিকে ঘিরে গড়ে তোলা। তাই এমন খেলোয়াড়দের দিকেই ঝুঁকছে তারা, যাদের সঙ্গে মাঠে ও মাঠের বাইরে মেসির বোঝাপড়া দুর্দান্ত। এই কারণেই আর্জেন্টিনা জাতীয় দলের সতীর্থ লো সেলসোকে পছন্দের তালিকার শীর্ষে রেখেছেন কোচ হাভিয়ের মাসচেরানো।

যদিও ক্লাব পর্যায়ে লো সেলসো মূলত আক্রমণাত্মক মিডফিল্ডার হিসেবে পরিচিত, তবে আর্জেন্টিনা দলে তিনি প্রায়ই কিছুটা নিচে নেমে রদ্রিগো ডি পলের সঙ্গে মিডফিল্ড সামলান এবং ‘১০ নম্বর’ পজিশনটি ছেড়ে দেন মেসির জন্য। ইন্টার মায়ামিতেও তাকে একই ধরনের ভূমিকায় দেখা যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।

রিয়াল বেতিসে ফেরার পর ২০২৪ সালে দুর্দান্ত ফর্মে ছিলেন লো সেলসো। লা লিগা ও ইউরোপীয় প্রতিযোগিতা মিলিয়ে মাত্র তিন মাসে আটটি গোল করেন তিনি। তবে ২০২৫ সালের শুরুটা তার জন্য খুব একটা ভালো যায়নি। পেশির চোটের কারণে নিয়মিত একাদশে জায়গা হারালেও, সুযোগ পেলে গুরুত্বপূর্ণ মুহূর্তে গোল করে দলের জন্য অবদান রাখতে ভুল করেননি।

স্প্যানিশ গণমাধ্যমগুলোর দাবি, ইন্টার মায়ামির আগ্রহ এখন বেশ স্পষ্ট। এমএলএস শিরোপা ধরে রাখা এবং কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপে শক্ত অবস্থান নিশ্চিত করতেই অভিজ্ঞ ও পরীক্ষিত খেলোয়াড় হিসেবে লো সেলসোকে দলে ভেড়াতে চায় ক্লাবটি।