নাহিদ–তাইজুলদের দাপটে চাপে পাকিস্তান, জয়ের গন্ধ পাচ্ছে বাংলাদেশ
উইকেট নেয়ার পর উদযাপনে বাংলাদেশ টিম।   ছবি: সংগৃহীত

সিলেট টেস্টের চতুর্থ দিনে জয়ের পথে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। ৪৩৭ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে চাপে পড়েছে পাকিস্তান। এই প্রতিবেদন লেখা পর্যন্ত পাকিস্তানের সংগ্রহ ৫ উইকেটে ১৯৭ রান। জয়ের জন্য তাদের এখনও প্রয়োজন ২৪০ রান, আর বাংলাদেশের দরকার মাত্র ৫টি উইকেট।

দিনজুড়ে দারুণ বোলিংয়ে পাকিস্তানের ব্যাটিং লাইনআপে ধস নামিয়েছেন বাংলাদেশের বোলাররা। শুরুতেই আঘাত হানেন তরুণ পেসার নাহিদ রানা। দলীয় ২২ রানে পাকিস্তানের ওপেনার আবদুল্লাহ ফজলকে ৬ রানে ফিরিয়ে প্রথম সাফল্য এনে দেন তিনি। উইকেটের পেছনে ক্যাচ নেন লিটন দাস।

এরপর দলীয় ২৩ রানে আরেক ওপেনার আজান আওয়াইসকে লেগ বিফোরের ফাঁদে ফেলেন তাসকিন আহমেদ। মাত্র এক রানের ব্যবধানে দুই ওপেনারকে হারিয়ে চাপে পড়ে পাকিস্তান।

চাপ সামাল দেওয়ার চেষ্টা করেন অধিনায়ক শান মাসুদ। তবে ব্যক্তিগত ৭১ রানে তাকে ফিরিয়ে গুরুত্বপূর্ণ ব্রেকথ্রু এনে দেন স্পিনার তাইজুল ইসলাম। এরপর বেশিক্ষণ টিকতে পারেননি সাউদ শাকিলও। দলীয় ৭৯ রানে তাকে সাজঘরে ফেরান মেহেদী হাসান মিরাজ।

পরে থিতু হয়ে যাওয়া বাবর আযমকে ৪৭ রানে আউট করে ম্যাচে বাংলাদেশের নিয়ন্ত্রণ আরও শক্ত করেন নাহিদ রানা। তার গতিময় বোলিংয়ে বারবার অস্বস্তিতে পড়েছেন পাকিস্তানি ব্যাটাররা।

এখন পর্যন্ত বাংলাদেশের বোলারদের মধ্যে নাহিদ রানা নিয়েছেন ২ উইকেট। এছাড়া তাসকিন আহমেদ, তাইজুল ইসলাম ও মেহেদী হাসান মিরাজ পেয়েছেন একটি করে উইকেট।

ক্রিজে বর্তমানে পাকিস্তানের হয়ে লড়াই চালিয়ে যাচ্ছেন মোহাম্মাদ রিজওয়ান ১৫ রানে এবং সালমান আলী আগা ২৪ রানে অপরাজিত আছেন। তবে বাংলাদেশের বোলারদের ধারাবাহিক চাপে ম্যাচ এখন পুরোপুরি স্বাগতিকদের নিয়ন্ত্রণেই।