সতীর্থকে মারধরের অভিযোগে তদন্তে নেইমার, নেইমার, ফুটবল, খেলা, খেলোয়াড়কে মারধর, ব্রাজিল, রবিনিয়ো জুনিয়র,  সান্তাস, ইএসপিএন,
সতীর্থকে মারধরের অভিযোগে তদন্তে নেইমার।   ছবি: সংগৃহীত

ব্রাজিল তারকা নেইমারের সময়টা ভালো যাচ্ছে না। আসন্ন বিশ্বকাপ সামনে রেখে ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি দলে জায়গা পাওয়া নিয়ে অনিশ্চয়তা, ফিটনেস সমস্যার পাশাপাশি এবার যুক্ত হয়েছে নতুন বিতর্ক। সতীর্থ রবিনিয়ো জুনিয়রকে মারধরের অভিযোগে তদন্তের মুখে পড়েছেন তিনি।

ব্রাজিলিয়ান ক্লাব সান্তস জানিয়েছে, গত রবিবার (৩ মে ) অনুশীলনে এক খেলোয়াড়ের বিরুদ্ধে একই দলের আরেক খেলোয়াড়কে শারীরিকভাবে আঘাত করার অভিযোগ উঠেছে। ক্লাবটি আনুষ্ঠানিকভাবে কারও নাম উল্লেখ না করলেও একাধিক সূত্রের দাবি, অভিযুক্ত নেইমার।

ক্রীড়া মাধ্যম ইএসপিএনকে সূত্র জানিয়েছে, অনুশীলনের সময় ১৮ বছর বয়সী ফরোয়ার্ড রবিনিও জুনিয়র নেইমারকে ড্রিবল করে পেরিয়ে গেলে তিনি ক্ষুব্ধ হয়ে ওঠেন। বিষয়টি অসম্মানজনক মনে করে তীব্র প্রতিক্রিয়া দেখান ব্রাজিল অধিনায়ক।

সূত্রগুলোর ভাষ্য অনুযায়ী, রাগের মাথায় নেইমার সতীর্থকে পা দিয়ে ঠেলে ফেলেন। এরপর দুজনের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় হয়। পরে অন্য খেলোয়াড়রা এগিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। ঘটনার পর রবিনিও জুনিয়র মানসিকভাবে ভেঙে পড়েছেন বলেও জানা গেছে।

ক্লাবের বিবৃতিতে বলা হয়েছে, পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত অনুযায়ী ঘটনার পরপরই অভ্যন্তরীণ তদন্ত শুরু করা হয়েছে এবং বিষয়টি দেখছে ক্লাবের আইন বিভাগ।

এদিকে ব্রাজিলের সংবাদমাধ্যম গ্লোবো ইস্পোর্টস  জানিয়েছে, সাবেক ফুটবলার রবিনহোর  ছেলে রবিনিও জুনিয়র নেইমারের বিরুদ্ধে তিনটি অভিযোগ এনেছেন। এর মধ্যে রয়েছে অপমানজনক গালি, ল্যাং মারা এবং মুখে চড় মারার অভিযোগ। পাশাপাশি ক্লাবে পর্যাপ্ত নিরাপত্তার অভাবের অভিযোগ তুলে চুক্তি বাতিলের বিষয়ে আলোচনার জন্য কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকের দাবি জানিয়েছেন তিনি।

এ বিষয়ে মন্তব্য জানতে চাইলে নেইমারের পক্ষ থেকে জানানো হয়েছে, তিনি এখনই কিছু বলতে চান না। তবে ঘটনার পর পরিস্থিতি শান্ত করতে তিনি উদ্যোগ নেন বলে জানা গেছে। রবিনিও জুনিয়রকে ফোন করা ছাড়াও তাঁর পরিবারের কাছে দুঃখ প্রকাশ করেছেন নেইমার।

উল্লেখ্য, নেইমার একসময় ব্রাজিল জাতীয় দলে রবিনিওর সঙ্গে খেলেছেন। গত গ্রীষ্মে মূল দলে সুযোগ পাওয়া রবিনিও জুনিয়র চলতি মৌসুমে এখন পর্যন্ত সব প্রতিযোগিতা মিলিয়ে আটটি ম্যাচ খেলেছেন।