সিরিজ হারলেও ব্যক্তিগত র‍্যাংকিংয়ে উন্নতি নাহিদা–জ্যোতিদের 
সিরিজ হারলেও ব্যক্তিগত র‍্যাংকিংয়ে উন্নতি নাহিদা–জ্যোতিদের ।   ছবি: সংগৃহীত

ঘরের মাঠে বাংলাদেশ নারী ক্রিকেট দলের জন্য সিরিজটা সুখকর হয়নি। শ্রীলঙ্কা নারী ক্রিকেট দলের বিপক্ষে সদ্য শেষ হওয়া ওয়ানডে সিরিজ হেরে গেছে স্বাগতিকেরা। 

তবে দলীয় ব্যর্থতার আড়ালেও ব্যক্তিগত পারফরম্যান্সে আলো ছড়িয়েছেন কয়েকজন ক্রিকেটার, যার ইতিবাচক প্রভাব পড়েছে সর্বশেষ র‍্যাংকিংয়ে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) প্রকাশিত নারীদের সাপ্তাহিক র‍্যাংকিং হালনাগাদে উন্নতি করেছেন নিগার সুলতানা জ্যোতি, সোবহানা মোস্তারি, রিতু মণি, নাহিদা আক্তার, মারুফা খাতুন ও সুলতানা খাতুন।

সিরিজের দ্বিতীয় ম্যাচে অর্ধশতক করা জ্যোতি শেষ ম্যাচেও খেলেন কার্যকর ইনিংস। ৫৮ ও ৪০ রানের দুটি ইনিংসের সুবাদে নারী ওয়ানডে ব্যাটারদের তালিকায় তিন ধাপ এগিয়ে এখন ৩৫ নম্বরে আছেন বাংলাদেশ অধিনায়ক।

মিডল অর্ডারে দারুণ দৃঢ়তা দেখিয়েছেন সোবহানা মোস্তারি। সিরিজের শেষ ম্যাচে তার ৭৪ রানের ইনিংস দলকে লড়াইয়ে রাখে, আর ব্যক্তিগতভাবে এনে দেয় র‍্যাংকিংয়ে পাঁচ ধাপ উন্নতি। এখন তিনি আছেন ৪৫ নম্বরে। একই তালিকায় রিতু মণিও এগিয়েছেন আট ধাপ, তার বর্তমান অবস্থান ৮৩তম।

ব্যাটিংয়ের পাশাপাশি বোলিংয়েও এসেছে সুখবর। দ্বিতীয় ওয়ানডেতে ২১ রানে ৪ উইকেট নেওয়া নাহিদা আক্তার দুই ধাপ এগিয়ে নারী বোলারদের র‍্যাংকিংয়ে উঠে এসেছেন ১১ নম্বরে।

এ ছাড়া বোলারদের তালিকায় ছয় ধাপ এগিয়ে ৩৭তম স্থানে আছেন মারুফা খাতুন। আর ১৬ ধাপ এগিয়ে ৪৪ নম্বরে উঠে এসেছেন সুলতানা খাতুন।

দলীয় ফলাফল হতাশাজনক হলেও, ব্যক্তিগত পারফরম্যান্সে এই উন্নতি ভবিষ্যতের জন্য ইতিবাচক বার্তাই দিচ্ছে বাংলাদেশ নারী দলের জন্য।