পাকিস্তান জাতীয় ক্রিকেট দল
পাকিস্তান জাতীয় ক্রিকেট দল   ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন তিন ম্যাচের টি–টোয়েন্টি সিরিজের জন্য ১৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। দলে ফিরেছেন সাবেক অধিনায়ক বাবর আজম ও তারকা পেসার শাহিন শাহ আফ্রিদি। শ্রীলঙ্কার বিপক্ষে সাম্প্রতিক টি–টোয়েন্টি সিরিজে বিশ্রামে থাকা এই দুই তারকা আবারও জাতীয় দলে অন্তর্ভুক্ত হলেন।

শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের সেই সিরিজটি ১–১ ব্যবধানে ড্র হয়েছিল। এবার অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে লাহোরের ঐতিহ্যবাহী গাদ্দাফি স্টেডিয়ামে। ম্যাচগুলো গড়াবে আগামী ২৯ ও ৩১ জানুয়ারি এবং ১ ফেব্রুয়ারি। প্রতিটি ম্যাচ শুরু হবে পাকিস্তানের স্থানীয় সময় বিকেল ৪টায়।

২৮ জানুয়ারি পাকিস্তানে পৌঁছানোর কথা রয়েছে অস্ট্রেলিয়া দলের। পাকিস্তানের মাটিতে এটি হবে অস্ট্রেলিয়ার দ্বিতীয় টি–টোয়েন্টি সিরিজ। এর আগে ২০২২ সালের এপ্রিল মাসে গাদ্দাফি স্টেডিয়ামে একমাত্র টি–টোয়েন্টি ম্যাচ খেলেছিল তারা।

টি–টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির গুরুত্বপূর্ণ অংশ হিসেবে এই সিরিজকে দেখছে উভয় দলই। ভারত ও শ্রীলঙ্কায় যৌথভাবে আয়োজিত আসন্ন টি–টোয়েন্টি বিশ্বকাপ শুরু হবে ৭ ফেব্রুয়ারি, শেষ হবে ৮ মার্চ। বিশ্বকাপে পাকিস্তান রয়েছে ‘গ্রুপ এ’-তে, যেখানে তাদের প্রতিপক্ষ ভারত, যুক্তরাষ্ট্র, নেদারল্যান্ডস ও নামিবিয়া। অন্যদিকে অস্ট্রেলিয়া ‘গ্রুপ বি’-তে খেলবে শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড, জিম্বাবুয়ে ও ওমানের বিপক্ষে।

টি–টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে পাকিস্তান ও অস্ট্রেলিয়া এখন পর্যন্ত মুখোমুখি হয়েছে ২৮ বার। এর মধ্যে অস্ট্রেলিয়া জয় পেয়েছে ১৪ ম্যাচে, পাকিস্তান জিতেছে ১২টি। একটি ম্যাচ টাই হয়েছে এবং একটি ম্যাচে কোনো ফল আসেনি।

পাকিস্তানের ১৬ সদস্যের দল
সালমান আলী আগা (অধিনায়ক), আব্রার আহমেদ, বাবর আজম, ফাহিম আশরাফ, ফখর জামান, খাজা মোহাম্মদ নাফায় (উইকেটকিপার), মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ সালমান মির্জা, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, নাসিম শাহ, সাহিবজাদা ফারহান (উইকেটকিপার), সাইম আইয়ুব, শাহীন শাহ আফ্রিদি, শাদাব খান, উসমান খান (উইকেটকিপার) ও উসমান তারিক।