লিভারপুলের জার্সিতে সালাহর শেষ ম্যাচ? চোটে বিদায়ের শঙ্কা, মিশর, লিভারপুল, ফুটবল, খেলা, সালাহ, মোহামেদ সালাহ,
মোহামেদ সালাহ।   ছবি: সংগৃহীত

চলতি মৌসুম শেষেই লিভারপুলের সঙ্গে দীর্ঘ ৯ বছরের অধ্যায়ের ইতি টানার কথা রয়েছে মিশরীয় তারকা মোহামেদ সালাহর। তবে সবকিছু ঠিক থাকলে আরও কয়েকটি ম্যাচ খেলার সুযোগ থাকলেও, ধারণা করা হচ্ছে গতকালই হয়তো লাল জার্সিতে তার শেষ উপস্থিতি হয়ে গেছে।

শনিবার (২৫ এপ্রিল) ইংলিশ প্রিমিয়ার লিগে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে ম্যাচে খেলতে নেমে ৫৯ মিনিটে চোট পেয়ে মাঠ ছাড়তে বাধ্য হন সালাহ। ম্যাচটি শেষ পর্যন্ত ৩-১ ব্যবধানে জেতে লিভারপুল। মাঠ ছাড়ার সময় দর্শকদের উদ্দেশ্যে হাত নেড়ে অভিবাদন জানান তিনি, আর সমর্থকরাও তাকে উষ্ণ বিদায় জানায় যা অনেকের কাছেই শেষ ম্যাচের ইঙ্গিত হিসেবে ধরা পড়েছে।

লিভারপুলের কোচ আর্নে স্লট জানান, সালাহর হ্যামস্ট্রিং ইনজুরি কতটা গুরুতর, তা এখনই নিশ্চিত নয়। তিনি বলেন, মৌসুম শেষ হতে আর চার সপ্তাহ বাকি, তাই সালাহ আবার মাঠে ফিরতে পারবেন কি না, তা নির্ভর করছে তার চোটের ওপর।

স্লট আরও বলেন, সালাহ নিজের ফিটনেস নিয়ে সবসময় সচেতন, তাই সুস্থ হতে যত সময় প্রয়োজন, তিনি সেটাই নেবেন। তবে সালাহ মাঠ ছাড়ার মুহূর্তে তার কাছেও এটি সম্ভাব্য শেষ ম্যাচ বলে মনে হয়েছে বলে ইঙ্গিত দেন এই ডাচ কোচ।

অন্যদিকে, মিশর জাতীয় দলের ডিরেক্টর ইব্রাহিম হাসান জানান, সালাহর হ্যামস্ট্রিং চোট সারতে প্রায় চার সপ্তাহ সময় লাগতে পারে। তার মতে, লিভারপুলের হয়ে হয়তো শেষ ম্যাচ খেলেই ফেলেছেন এই তারকা ফরোয়ার্ড। তবে তিনি আশাবাদী, সামনে আন্তর্জাতিক সূচির আগে সালাহ পুরোপুরি ফিট হয়ে ফিরবেন।

২০১৭ সালে এএস রোমা থেকে লিভারপুলে যোগ দেওয়া সালাহ এখন পর্যন্ত ক্লাবটির হয়ে ৪৩৫ ম্যাচে ২৫৭টি গোল করেছেন। অলরেডদের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় তিনি আছেন তৃতীয় স্থানে, তার সামনে রয়েছেন ইয়ান রাশ (৩৪৬) ও রজার হান্ট (২৮৫)।