প্রাথমিকের শিক্ষার্থীর ইউনিফর্মের চেয়ে ঘরে রান্না হওয়া জরুরি: পলাশ মাহমুদ
প্রাথমিকের শিক্ষার্থীর ইউনিফর্মের চেয়ে ঘরে রান্না হওয়া জরুরি: পলাশ মাহমুদ   প্রাথমিকের শিক্ষার্থীর ইউনিফর্মের চেয়ে ঘরে রান্না হওয়া জরুরি: পলাশ মাহমুদ

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের ইউনিফর্ম ও শিক্ষকদের জন্য প্রায় ৪ লাখ ট্যাব কেনার পরিকল্পনা নিয়ে প্রশ্ন তুলেছেন এশিয়া পোস্টের সম্পাদক ও প্রকাশক পলাশ মাহমুদ। তিনি মনে করেন, পঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি (পিইডিপি-৫) প্রকল্পের আওতায় এসব খাতে ৪২ হাজার কোটি টাকা ব্যয়ের চেয়ে দরিদ্র পরিবারের বিদ্যুৎ ও রান্নার জ্বালানির ব্যবস্থা করা বেশি জরুরি। তার মতে, শিক্ষার্থীদের ইউনিফর্মের চেয়ে অনেক পরিবারের জন্য ঘরে রান্নার ব্যবস্থা ও আলোর সংস্থান বেশি প্রয়োজনীয়।

শনিবার (৭ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ বিষয়ে নিজের মতামত তুলে ধরেন।

স্ট্যাটাসে পলাশ মাহমুদ প্রশ্ন তোলেন, শিক্ষার্থীরা কত দিন ইউনিফর্ম ব্যবহার করবে, শিক্ষকদের জন্য কেনা ট্যাবগুলোই বা কত দিন টিকবে কিংবা ব্যবহার করা হবে? ৪২ হাজার কোটি টাকার এই ব্যয়ের দীর্ঘমেয়াদি স্থায়িত্ব কতটুকু এবং ইউনিফর্ম ও ট্যাবের মতো উপকরণ আসলেই কতটা জরুরি, তা নিয়েও ভাবার পরামর্শ দেন তিনি।

তিনি লেখেন, এই বিপুল অর্থ দিয়ে আরও প্রয়োজনীয় ও দীর্ঘস্থায়ী অনেক কাজ করা সম্ভব। কোনো বাবা যদি আর্থিক সংকটের কারণে সন্তানকে স্কুলের পোশাক কিনে দিতে না পারেন, তাহলে তাঁর পক্ষে বিদ্যুতের বিল পরিশোধ করাও কঠিন। কেরোসিনের হারিকেন জ্বালিয়ে কিংবা তেলের খরচ বহন করে রাতে সন্তানকে পড়াশোনা করানোও তাঁর জন্য কষ্টকর।

পলাশ মাহমুদের মতে, এমন একটি পরিবারের জন্য ইউনিফর্মের চেয়ে একটি সোলার প্যানেল অনেক বেশি প্রয়োজনীয়। তিন থেকে চার সদস্যের একটি ছোট পরিবারের বিদ্যুতের চাহিদা মেটাতে ৫০ হাজার টাকার একটি সোলার সিস্টেমই যথেষ্ট। সে হিসাবে ৪২ হাজার কোটি টাকা ব্যয় করে ৮৪ লাখ পরিবারকে সোলার প্যানেল দেওয়া সম্ভব। এ ব্যবস্থা দীর্ঘস্থায়ী হওয়ায় পরিবারগুলো বছরের পর বছর এর সুবিধা পেতে পারে।

তিনি আরও উল্লেখ করেন, দেশে বর্তমানে প্রায় ২ কোটি ১০ লাখ পরিবার রয়েছে। ৮৪ লাখ পরিবারকে সোলার প্যানেল দেওয়া গেলে দেশের প্রায় ৪০ শতাংশ পরিবার এর আওতায় আসবে। এতে বিপুল পরিমাণ বিদ্যুৎ সাশ্রয়ের পাশাপাশি জাতীয় পর্যায়েও বিদ্যুতের চাহিদা কমানো সম্ভব।

বিকল্প হিসেবে বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপনের বিষয়টিও তুলে ধরেন তিনি। তাঁর হিসাব অনুযায়ী, তিন থেকে চার সদস্যের একটি পরিবারের জন্য বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপনে ৫০ হাজার টাকার কম খরচ হয়। সে হিসাবে ৪২ হাজার কোটি টাকা দিয়ে ৮৪ লাখ পরিবারকে বায়োগ্যাস প্ল্যান্ট দেওয়া সম্ভব। এতে রান্নার জ্বালানির খরচ সাশ্রয়ের পাশাপাশি দীর্ঘমেয়াদে পরিবারগুলো উপকৃত হবে। একই সঙ্গে বাজারে এলপিজি ও অন্যান্য গ্যাসের চাহিদাও কমতে পারে বলে মনে করেন তিনি। তাঁর স্ট্যাটাসে এ ব্যবস্থায় ৪৮ লাখ পরিবারের অর্থ সাশ্রয়ের কথাও উল্লেখ করা হয়েছে।

স্ট্যাটাসের শেষাংশে পলাশ মাহমুদ বলেন, ইউনিফর্ম ও ট্যাবের মতো খাতে ৪২ হাজার কোটি টাকা ব্যয় করার মতো সামর্থ্য বাংলাদেশের নেই। মানুষের ঘরে আলো, রান্নার জ্বালানি এবং পেটে খাবার নিশ্চিত করা বেশি জরুরি। এসব মৌলিক চাহিদার দীর্ঘস্থায়ী সমাধানকে অগ্রাধিকার দেওয়া প্রয়োজন।