শহীদ মাহবুবুর রহমানের তৃতীয় শাহাদাতবার্ষিকী কাল, বাবাকে স্মরণে ছেলের আবেগঘন স্ট্যাটাস
শহীদ মাহবুবুর রহমানের তৃতীয় শাহাদাতবার্ষিকী কাল, বাবাকে স্মরণে ছেলের আবেগঘন স্ট্যাটাস   ছবি : সংগৃহীত

রংপুরের মিঠাপুকুর উপজেলার পায়রাবন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও রংপুর জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি শহীদ মাহবুবুর রহমানের তৃতীয় শাহাদাতবার্ষিকী আগামীকাল ৫ নভেম্বর। ২০২৩ সালের ৫ নভেম্বর রাতে দুর্বৃত্তদের হামলায় নিহত হন তিনি। বাবার শাহাদাতবার্ষিকী উপলক্ষে তাকে স্মরণ করে আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন তার ছেলে তরুণ লেখক ও অনলাইন অ্যাক্টিভিস্ট লাবিব আহসান।

বুধবার (৪ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া ওই স্ট্যাটাসে বাবার স্মৃতিচারণ করতে গিয়ে লাবিব আহসান লেখেন, ‘তিন বছর আগের আজকের রাতটিতেও আপনি পৃথিবীতে ছিলেন, হে শহীদ!’

বাবাকে নিয়ে গর্ব প্রকাশ করে তিনি লেখেন, ‘আমার সৌভাগ্য- আমি একজন মানুষের সন্তান, যিনি তার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত দ্বীনের খেদমতে নিয়োজিত ছিলেন। অপ্রাসঙ্গিক হয়ে যাননি, নিষ্ক্রিয় হয়ে হারিয়ে যাননি। এই কৃতিত্ব খুব বেশি মানুষের নেই।’

বাবার জীবনের শেষ সময়ের স্মৃতি তুলে ধরে লাবিব আহসান আরও লেখেন, তার বাবা জীবনের শেষ নামাজ জামাতে আদায় করেছেন। জীবনের শেষ মুহূর্তগুলোতেও মানুষের সমস্যা সমাধানে ব্যস্ত ছিলেন। এমন সৌভাগ্য কয়জন মানুষের হয়, সেই প্রশ্নও রাখেন তিনি।

বাবার জানাজার স্মৃতিচারণ করে লাবিব লেখেন, ‘আমার সৌভাগ্য- আমি এমন একজন মানুষের সন্তান, যাঁর জানাজা ছিল উত্তরাঞ্চলের স্মরণকালের ইতিহাসের অন্যতম বৃহৎ জানাজা। যাঁর শাহাদাতের সংবাদ সহ্য করতে না পেরে হার্ট অ্যাটাক করে ইন্তেকাল করেছেন তারই হাতেগড়া কর্মী।’

স্ট্যাটাসের শেষাংশে তিনি লেখেন, ‘আগামীকাল ৫ নভেম্বর। আমার পরম প্রিয় পিতা, জননন্দিত ইউপি চেয়ারম্যান শহীদ মাহবুবুর রহমান রাহিমাহুল্লাহর তৃতীয় শাহাদাতবার্ষিকী।’

উল্লেখ্য, ২০২৩ সালের ৫ নভেম্বর রাত ১০টার দিকে দুর্বৃত্তদের হামলায় নিহত হন মাহবুবুর রহমান। তাকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করা হয়। ছাত্রজীবনে তিনি বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের রংপুর জেলার সভাপতির দায়িত্ব পালন করেছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৬ বছর। তিনি স্ত্রী, তিন ছেলে ও ছয় মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।

২০২৩ সালের ৬ নভেম্বর বেলা ৩টায় পায়রাবন্দ বালিকা উচ্চবিদ্যালয় মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

তিনি ছিলেন পায়রাবন্দ ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান এবং রংপুর জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি। তার মৃত্যুতে স্থানীয় রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে শোকের ছায়া নেমে আসে।