সংবিধান সংশোধনের পরিবর্তে জুলাই জাতীয় সনদের আলোকে স্বাধীন সংবিধান সংস্কার পরিষদ গঠনের দাবি জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) সাদিক কায়েম। একই সঙ্গে সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির মতবিনিময় সভা বর্জনের ঘোষণা দিয়েছেন তিনি।
মঙ্গলবার (৩ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের পেজে দেওয়া এক স্ট্যাটাসে এ ঘোষণা দেন সাদিক কায়েম।
স্ট্যাটাসে তিনি জানান, মঙ্গলবার দুপুর আড়াইটায় জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিতব্য সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির মতবিনিময় সভায় ডাকসু ভিপি হিসেবে তাকে আমন্ত্রণ জানানো হয়েছিল। তবে জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষাবিরোধী উল্লেখ করে তিনি এবং ডাকসু ওই সভা প্রত্যাখ্যান ও বর্জনের সিদ্ধান্ত নিয়েছেন।
সাদিক কায়েম বলেন, জুলাই গণঅভ্যুত্থানে সহস্রাধিক শহীদের আকাঙ্ক্ষা ছিল রাষ্ট্রকাঠামোর আমূল সংস্কার। নামমাত্র কয়েকটি অনুচ্ছেদ সংশোধনের জন্য জুলাই গণঅভ্যুত্থান হয়নি। সংবিধান সংশোধন ও সংস্কার এক বিষয় নয়। সংবিধানের ১৪২ অনুচ্ছেদ অনুযায়ী সংসদ দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতায় সংবিধান সংশোধন করতে পারে। তবে এ ক্ষমতাবলে সংসদ বিদ্যমান সংবিধান ও এর মৌলিক কাঠামোর বাইরে গিয়ে নতুন সাংবিধানিক ব্যবস্থা প্রতিষ্ঠা করতে পারে না।
সংবিধান সংশোধনের সীমাবদ্ধতা তুলে ধরে তিনি বলেন, ইতিহাসই প্রমাণ করে সংশোধনী ক্ষমতা কতটা সীমিত। জিয়াউর রহমানের শাসনামলে পঞ্চম সংশোধনীর মাধ্যমে রাষ্ট্র পরিচালনার মূলনীতিতে পরিবর্তন আনা হলেও ২০০৫ সালে হাইকোর্ট এবং ২০১০ সালে আপিল বিভাগ সংশোধনীটি অবৈধ ঘোষণা করেন। একইভাবে অষ্টম সংশোধনীর মাধ্যমে প্রতিষ্ঠিত ছয়টি স্থায়ী হাইকোর্ট বেঞ্চের বিধান ১৯৮৯ সালে বাতিল হয়। ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে প্রবর্তিত তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থাও ২০১১ সালে আদালতের মাধ্যমে বাতিল হয়েছিল।
জুলাই সনদের বিভিন্ন প্রস্তাবের কথা উল্লেখ করে ডাকসু ভিপি বলেন, এতে রাষ্ট্র পরিচালনার মূলনীতি পরিবর্তন, দ্বিকক্ষবিশিষ্ট সংসদ, প্রধানমন্ত্রীর ক্ষমতা ও মেয়াদ সীমিতকরণ, রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধি, বিচার বিভাগের কাঠামোগত পরিবর্তন এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর ক্ষমতার পুনর্বিন্যাসের প্রস্তাব রয়েছে। এসব প্রস্তাবের কয়েকটি সংবিধানের মৌলিক কাঠামোকে সরাসরি স্পর্শ করে। ফলে শুধু ১৪২ অনুচ্ছেদ সংশোধনের মাধ্যমে এগুলো বাস্তবায়ন করা হলে ভবিষ্যতে আদালতে চ্যালেঞ্জের গুরুতর ঝুঁকি থাকবে। জেনেশুনে জুলাই সনদকে এমন অনিশ্চয়তার মুখে ঠেলে দেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
তিনি আরও বলেন, জুলাইয়ের সংস্কার আকাঙ্ক্ষা এবং গণভোটে প্রকাশিত জনগণের অভিপ্রায় বাস্তবায়নে প্রয়োজন আইনগতভাবে সুপ্রতিষ্ঠিত গাঠনিক সংস্কারপ্রক্রিয়া। অথচ সংস্কারকে কেবল সংসদীয় সংশোধনীতে সীমাবদ্ধ করার অবস্থান বৃহত্তর আকাঙ্ক্ষাকেই সংকুচিত করছে। যে প্রক্রিয়ায় জুলাই সনদের মৌলিক সংস্কারগুলো ভবিষ্যতে বাতিল হওয়ার ঝুঁকিতে পড়ে, সেটিকে টেকসই সমাধান হিসেবে উপস্থাপন করা যায় না।
বর্তমান সরকারের সংবিধান সংশোধনের উদ্যোগকে জাতির সঙ্গে সুস্পষ্ট প্রতারণা এবং নির্বাচন-পূর্ববর্তী প্রতিশ্রুতির বরখেলাপ বলেও মন্তব্য করেন সাদিক কায়েম।
ফেসবুক স্ট্যাটাসে তিনি উল্লেখ করেন, 'জুলাই জাতীয় সনদ ২০২৫'-এর আলোকে রাষ্ট্র সংস্কারের পক্ষে দেশের ৬৮ দশমিক ৫৯ শতাংশ মানুষ গণভোটে 'হ্যাঁ' ভোট দিয়ে রায় দিয়েছেন। এমন সুস্পষ্ট গণরায় থাকার পরও সংবিধান সংশোধনের কোনো প্রহসনমূলক উদ্যোগে তিনি ও ডাকসু সম্পৃক্ত হবেন না।
রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন বাদ দিয়ে জনগণের গণরায় মেনে জুলাই সনদের আলোকে অবিলম্বে স্বাধীন সংবিধান সংস্কার পরিষদ গঠনের দাবিও জানান ডাকসু ভিপি।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!