মন্ত্রী-এমপিদের আমন্ত্রণে জবির কী লাভ হচ্ছে, প্রশ্ন জকসু এজিএসের
মন্ত্রী-এমপিদের আমন্ত্রণে জবির কী লাভ হচ্ছে, প্রশ্ন জকসু এজিএসের   ছবি : সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) বিভিন্ন অনুষ্ঠানে মন্ত্রী ও সংসদ সদস্যদের আমন্ত্রণ জানানো হলেও বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে এখন পর্যন্ত দৃশ্যমান কোনো বরাদ্দ, উদ্যোগ কিংবা সুনির্দিষ্ট প্রতিশ্রুতি পাওয়া যায়নি বলে মন্তব্য করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জকসু) এজিএস মাসুদ রানা। উপাচার্যের ধারাবাহিক আমন্ত্রণে বিশ্ববিদ্যালয় কতটা উপকৃত হচ্ছে, তা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।

সোমবার (২ নভেম্বর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে এসব কথা বলেন মাসুদ রানা।

স্ট্যাটাসে তিনি উল্লেখ করেন, গত ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনের পর অধ্যাপক ড. রইছ উদ্দীন উপাচার্যের দায়িত্ব নেওয়ার পর থেকে বিভিন্ন অনুষ্ঠানে কয়েকজন মন্ত্রীকে ক্যাম্পাসে আমন্ত্রণ জানিয়েছেন। একইভাবে বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের মধ্য থেকে নির্বাচিত সংসদ সদস্যদেরও আমন্ত্রণ জানানো হচ্ছে। তাঁরাও বিভিন্ন সময়ে ক্যাম্পাসে আসছেন। তবে এসব সফরে বিশ্ববিদ্যালয়ের কল্যাণে দৃশ্যমান কোনো বরাদ্দ বা কার্যকর উদ্যোগের ঘোষণা পাওয়া যায়নি।

বিশ্ববিদ্যালয় দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রীর দেওয়া পরামর্শেরও সমালোচনা করেন জকসু এজিএস। তিনি বলেন, অনুষ্ঠানে মন্ত্রী শিক্ষার্থীদের অপ্রাসঙ্গিক বিষয়ে আন্দোলন না করার পরামর্শ দিয়েছেন। তবে কোন বিষয়গুলোকে তিনি অপ্রাসঙ্গিক বোঝাতে চেয়েছেন, তা স্পষ্ট নয়।

মাসুদ রানার ধারণা, সচিবালয় ও যমুনার সামনে বিশ্ববিদ্যালয়ের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন দাবি নিয়ে শিক্ষার্থীদের অতীতের আন্দোলনকে ইঙ্গিত করে মন্ত্রী এ পরামর্শ দিয়ে থাকতে পারেন।

স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, শিক্ষার্থীদের এ ধরনের পরামর্শ দেওয়ার আগে বিশ্ববিদ্যালয়ের দীর্ঘদিনের বঞ্চনা, আবাসন সংকট ও তাঁদের ভোগান্তির বিষয়গুলো বিবেচনায় নেওয়া প্রয়োজন ছিল। দ্বিতীয় ক্যাম্পাসের কাজ দ্রুত শেষ করা, আবাসিক হল নির্মাণসহ শিক্ষার্থীদের মৌলিক সমস্যাগুলো সমাধানে কার্যকর পদক্ষেপ নেওয়ার পর এমন পরামর্শ দেওয়া হলে শিক্ষার্থীরা তা আরও ইতিবাচকভাবে গ্রহণ করতেন বলে মনে করেন তিনি।

উপাচার্যের আমন্ত্রণে মন্ত্রী ও সংসদ সদস্যদের ক্যাম্পাসে আসার বিষয়টি নিয়েও প্রশ্ন তুলেছেন মাসুদ রানা। তাঁর প্রশ্ন, এসব আমন্ত্রণের মাধ্যমে বিশ্ববিদ্যালয় কতটা লাভবান হচ্ছে এবং বিশ্ববিদ্যালয়ের স্বার্থে এর বিনিময়ে কী অর্জন হচ্ছে? এমনকি আমন্ত্রণের পেছনে উপাচার্যের ব্যক্তিগত কোনো স্বার্থ রয়েছে কি না, সে প্রশ্নও তুলেছেন তিনি।

স্ট্যাটাসের শেষাংশে মাসুদ রানা প্রত্যাশা করেন, মন্ত্রী ও সংসদ সদস্যদের ক্যাম্পাসে আমন্ত্রণ জানানোর আনুষ্ঠানিকতা যেন শুধু সৌজন্য সাক্ষাৎ বা অনুষ্ঠানকেন্দ্রিক না থাকে। বরং এসব উদ্যোগের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের বাস্তব উন্নয়ন, শিক্ষার্থীদের মৌলিক সমস্যা সমাধান এবং অধিকার আদায়ে কার্যকর অগ্রগতি আসে।