হাসিনার পতনের শেষ দিনগুলোতে ছাত্রনেতাদের আস্থার জায়গা ছিলেন কদরুদ্দিন শিশির
হাসিনার পতনের শেষ দিনগুলোতে ছাত্রনেতাদের আস্থার জায়গা ছিলেন কদরুদ্দিন শিশির   ছবি : সংগৃহীত

শেখ হাসিনা সরকারের পতনের শেষ দিনগুলোতে সাংবাদিক কদরুদ্দিন শিশিরের ভূমিকা তার সাংবাদিকতা জীবনের অন্যতম গৌরবময় অর্জন বলে মন্তব্য করেছেন ইংরেজি দৈনিক দ্য ওয়াদার সম্পাদক ও অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার সাবেক প্রেস সচিব শফিকুল আলম।

শনিবার (৩১ অক্টোবর) নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ কথা জানান।

তার মতে, সাংবাদিক শিশিরের প্রতি ছাত্রনেতাদের আস্থা ছিল তাঁর দীর্ঘদিনের পেশাদার সাংবাদিকতা এবং বিভিন্ন মহলের সঙ্গে গড়ে তোলা বিশ্বাসযোগ্য সম্পর্কের ফল।

তিনি বলেন, ২০২৪ সালের ৩ আগস্ট বিকেলে ঐতিহাসিক শহীদ মিনার থেকে এক দফা ‘হাসিনা পতন’ কর্মসূচি ঘোষণার পর আন্দোলনকারী ছাত্রনেতাদের সামনে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখা দেয়। শেখ হাসিনা পদত্যাগ করলে কিংবা গণ-অভ্যুত্থানের মুখে সরকারের পতন হলে পরবর্তী সরকারপ্রধান কে হবেন, তা নিয়ে তারা ভাবতে শুরু করেন। এ ক্ষেত্রে তাদের বিবেচনায় আসেন অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তবে তার সঙ্গে যোগাযোগ স্থাপনের জন্য একজন বিশ্বস্ত মধ্যস্থতাকারীর প্রয়োজন ছিল। সেই দায়িত্ব পালনের জন্য সাংবাদিক কদরুদ্দিন শিশিরকে বেছে নেন ছাত্রনেতারা।

শফিকুল আলমের দাবি, ওই সময় ছাত্রনেতারা বাংলাদেশের অন্য কোনো সাংবাদিকের ওপর এ ধরনের আস্থা রাখতে পারেননি। কারণ, তথ্যের গোপনীয়তা ভঙ্গ হলে আন্দোলনকারীদের কারাবরণ কিংবা রাষ্ট্রদ্রোহের অভিযোগের মুখোমুখি হওয়ার ঝুঁকি ছিল। শিশির তার অনুসন্ধানী সাংবাদিকতা, পেশাগত দক্ষতা এবং দীর্ঘদিন ধরে বিভিন্ন পক্ষের সঙ্গে বিশ্বাসের সম্পর্ক গড়ে তোলার মাধ্যমে এই আস্থা অর্জন করেছিলেন।

তিনি আরও বলেন, সাংবাদিকতার সীমারেখা নিয়ে যারা শিশিরের ভূমিকা প্রশ্নবিদ্ধ করছেন, তারা মূলত বিভিন্ন পক্ষের আস্থা অর্জনের বিষয়টি বুঝতে ব্যর্থ হচ্ছেন। সাংবাদিকতার অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান হলো সমাজের বিভিন্ন শ্রেণি-পেশা ও মতাদর্শের মানুষের বিশ্বাস অর্জন করা।

এ প্রসঙ্গে শহীদ সাংবাদিক সিরাজুদ্দীন হোসেনের উদাহরণ টেনে তিনি বলেন, মুক্তিযোদ্ধাদের কাছে গোপনে তথ্য পৌঁছে দেওয়ার কারণেও রাজাকার, আলবদর ও পাকিস্তানি দখলদার বাহিনীর লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছিলেন তিনি। সাংবাদিকতার দায়িত্ব পালনের পাশাপাশি বৃহত্তর জাতীয় স্বার্থে ভূমিকা রাখার ঐতিহাসিক দৃষ্টান্ত রয়েছে।

এএফপির ঢাকা ব্যুরোর সাবেক প্রধান হিসেবে নিজের অভিজ্ঞতার কথাও তুলে ধরেন শফিকুল আলম।

তিনি জানান, জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে আসিফ মাহমুদের লেখা বইয়ে উল্লেখ রয়েছে, শেখ হাসিনার পতনের পর ছাত্রনেতাদের অন্যতম আগ্রহ ছিল এএফপির ঢাকা কার্যালয়ে যাওয়া। যদিও সরাসরি সম্প্রচারের সুবিধা থাকায় শেষ পর্যন্ত তাঁরা চ্যানেল ২৪-এ গিয়েছিলেন।

শফিকুল আলম দাবি করেন, এএফপির ঢাকা ব্যুরো দেশের সব রাজনৈতিক পক্ষের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছিল। শেখ হাসিনার ঘনিষ্ঠ সহযোগীদের কাছ থেকে তিনি শেখ হাসিনার দেশত্যাগের খবর পেয়েছিলেন। অন্যদিকে, ছাত্রনেতারা সম্ভাব্য নতুন সরকারপ্রধানের সঙ্গে যোগাযোগের জন্য সাংবাদিক কদরুদ্দিন শিশিরের সহায়তা নিয়েছিলেন।

২০২৪ সালের জুলাইয়ের শেষ দিকে ছয় সমন্বয়ক আন্দোলন প্রত্যাহার করেছেন বলে সরকারের পক্ষ থেকে যে বক্তব্য দেওয়া হয়েছিল, সেটিও ছাত্রনেতারা গোপন অবস্থান থেকে প্রথমে তাদের মাধ্যমে প্রত্যাখ্যান করেছিলেন বলে লেখায় উল্লেখ করা হয়।

শফিকুল আলম আরও জানান, বিএনপি, আওয়ামী লীগ, ইসলামপন্থী রাজনৈতিক দল, নাগরিক সমাজ, মানবাধিকারকর্মী, ভিন্নমতাবলম্বী, সাংবাদিক এবং ধর্মীয়, জাতিগত ও যৌন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের সঙ্গে তাঁদের আস্থার সম্পর্ক ছিল। ইন্টারনেট বন্ধ থাকার সময়ও ঢাকায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে তাঁদের যোগাযোগ অব্যাহত ছিল। রাজনৈতিক পরিচয়ের কারণে কোনো সাংবাদিককে তাঁরা আলাদা করে বিবেচনা করেননি বলেও দাবি করেন তিনি।

লেখার শেষাংশে এএফপির ঢাকা ব্যুরোর সহকর্মীদের প্রশংসা করে সাবেক এই ব্যুরোপ্রধান বলেন, শেখ হাসিনার ১৬ বছরের শাসনামলে তাঁরা আরও অনেক সাহসী সাংবাদিকতা করেছেন। গণতন্ত্র, আইনের শাসন, মানবাধিকার এবং সাংবাদিকতার নৈতিকতার প্রতি দায়বদ্ধ থেকেই তারা কাজ করেছেন। ধর্ম, বর্ণ, জাতিগত পরিচয়, লিঙ্গ কিংবা যৌন পরিচয় নির্বিশেষে সব বাংলাদেশির অধিকার রক্ষার প্রশ্নে তাঁদের অবস্থান ছিল দৃঢ়।

শফিকুল আলম জানান, সামনে আরও কিছু সাহসী সাংবাদিকতার অভিজ্ঞতা প্রকাশ করবেন।