২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে হবে: মোমিনুল হক
২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে হবে: মোমিনুল হক   ছবি : সংগৃহীত

২০০৬ সালের ২৮ অক্টোবর সংঘটিত হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর উত্তরের সভাপতি মোমিনুল হক। তিনি বলেন, শহীদদের হত্যার বিচার নিশ্চিত করতে হবে এবং কোনো অপরাধী যেন রাজনৈতিক পরিচয় বা ক্ষমতার প্রভাবে পার পেয়ে না যায়।

২০০৬ সালের ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচার ও জড়িত ব্যক্তিদের শাস্তির দাবিতে আয়োজিত বিক্ষোভ মিছিল-পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ‘আমরা প্রতিশোধ নয়, ন্যায়বিচার চাই। অতীতের সব হত্যাকাণ্ড ও নির্যাতনের নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের আইনের আওতায় আনতে হবে। একই সঙ্গে দেশে আইনের শাসন, গণতন্ত্র ও নাগরিক অধিকার নিশ্চিত করতে হবে। নতুন করে কেউ যেন ক্ষমতার অপব্যবহার, সন্ত্রাস ও স্বেচ্ছাচারিতার পথে হাঁটতে না পারে, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে।’

মোমিনুল হক বলেন, ২০০৬ সালের ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা সময়ের দাবি। শহীদদের আত্মত্যাগের যথাযথ মূল্যায়ন এবং হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনার মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে হবে। এ সময় তিনি দেশে সব ধরনের রাজনৈতিক সহিংসতা বন্ধ এবং আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানান।

তিনি আরও বলেন, শহীদদের রক্তের বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত ন্যায়বিচারের দাবি অব্যাহত থাকবে। অতীতের সব রাজনৈতিক সহিংসতার নিরপেক্ষ তদন্ত, দায়ীদের বিচার এবং একটি শান্তিপূর্ণ ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ প্রতিষ্ঠার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর উত্তরের সেক্রেটারি খুররম মুরাদ।