পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছে। শুক্রবার (৩০ অক্টোবর) দুপুরে দ্বিতীয় দফায় পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন হওয়ার পর নিয়ন্ত্রিত প্রক্রিয়ায় এ উৎপাদন শুরু হয়।
বিকেলে বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
মন্ত্রী বলেন, ‘আল্লাহর রহমতে দুপুর ১২টায় দ্বিতীয় দফার পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন হয়। এরপর ধীরে ধীরে নিয়ন্ত্রিত প্রক্রিয়ায় পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছে।’
এর আগে বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে পাওয়ার স্টার্টআপ বা বিদ্যুৎ উৎপাদন প্রক্রিয়া শুরুর অনুমোদন দেয় বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (বায়েরা)। এই অনুমোদনের মধ্য দিয়ে বিদ্যুৎকেন্দ্রটির কার্যক্রম গুরুত্বপূর্ণ একটি ধাপে প্রবেশ করে।
চুল্লিতে চলছে নিয়ন্ত্রিত পারমাণবিক বিক্রিয়া
বিদ্যুৎকেন্দ্রটির প্রথম ইউনিটে বর্তমানে চুল্লির শক্তি উৎপাদনক্ষমতা ধাপে ধাপে বাড়ানোর প্রক্রিয়া চলছে। এ পর্যায়ে চুল্লিতে স্বয়ংসম্পূর্ণ চেইন রিঅ্যাকশন বা ধারাবাহিক পারমাণবিক বিক্রিয়া প্রতিষ্ঠা করা হয়। এর মাধ্যমে নিয়ন্ত্রিতভাবে চুল্লির কার্যক্ষমতা বাড়িয়ে পরবর্তী পরীক্ষাগুলো সম্পন্ন করা হবে।
এর আগে বিদ্যুৎকেন্দ্রটির প্রথম ইউনিটে প্রয়োজনীয় বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা চালানো হয়েছে। আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার (আইএইএ) নির্দেশনা অনুসরণ করে রাশিয়ার সহযোগিতায় নির্মিত এই প্রকল্পে ধাপে ধাপে পরীক্ষা ও কারিগরি কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে।
প্রকল্পসংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, স্টেজ ‘বি-১’-এর কার্যক্রম মোটামুটি সফলভাবে সম্পন্ন হওয়ার পর স্বয়ংক্রিয় চাপ প্রশমন ভালভ পরীক্ষা নিয়ে তৈরি হওয়া জটিলতাও কাটিয়ে ওঠা হয়েছে। এরপর শুরু হয়েছে পরবর্তী ধাপ ‘বি-২’। এই পর্যায়ে প্রাথমিক পরিচালনার জন্য পারমাণবিক চুল্লিকে প্রস্তুত করা হয়। এ প্রক্রিয়া শেষে শুরু হয় ক্রিটিক্যালিটি পর্যায়।
ক্রিটিক্যালিটি হলো পারমাণবিক চুল্লিতে স্বয়ংসম্পূর্ণ ও নিয়ন্ত্রিত ধারাবাহিক পারমাণবিক বিক্রিয়া প্রতিষ্ঠার গুরুত্বপূর্ণ ধাপ। এ অবস্থায় চুল্লির শক্তি উৎপাদনক্ষমতা ধীরে ধীরে বাড়ানো হয় এবং বিভিন্ন কারিগরি পরীক্ষা সম্পন্ন করা হয়।
৩০০ মেগাওয়াটে পৌঁছালে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের উৎপাদনক্ষমতা ৩০০ মেগাওয়াটে পৌঁছালে জাতীয় সঞ্চালন লাইনে বাণিজ্যিকভাবে বিদ্যুৎ সরবরাহ শুরুর পরিকল্পনা রয়েছে। তবে এর আগে চুল্লির নিরাপত্তা, কার্যক্ষমতা ও অন্যান্য প্রযুক্তিগত বিষয় যাচাই করে প্রয়োজনীয় পরীক্ষার ধাপগুলো সম্পন্ন করতে হবে।
সরকার আশা করছে, চলতি বছরের নভেম্বরের মধ্যেই রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু করা সম্ভব হবে। এ লক্ষ্য বাস্তবায়নে প্রথম ইউনিটের পরীক্ষামূলক কার্যক্রমকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।
বিদ্যুৎকেন্দ্রটি পুরোপুরি চালু হলে দেশের বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা বাড়বে। পাশাপাশি জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমানো এবং দীর্ঘমেয়াদে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার ক্ষেত্রেও প্রকল্পটি ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
দ্বিতীয় ইউনিটের জন্য জ্বালানি সরবরাহ শুরু রাশিয়ার
এদিকে, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের জন্যও কার্যক্রম এগিয়ে নিচ্ছে রাশিয়া। ইউনিটটির ভিভিইআর-১২০০ রিঅ্যাক্টরে প্রাথমিকভাবে জ্বালানি লোডিংয়ের প্রস্তুতি হিসেবে পারমাণবিক জ্বালানি সরবরাহ শুরু করেছে দেশটি।
বৃহস্পতিবার সকালে এক বিজ্ঞপ্তিতে রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু শক্তি সংস্থা রোসাটম এ তথ্য জানিয়েছে।
প্রকল্পের পরিকল্পনা অনুযায়ী, দ্বিতীয় ইউনিটের রিঅ্যাক্টর চালু বা ফুয়েল লোডিংয়ের কাজ আগামী বছরের জুনের মধ্যে শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এ লক্ষ্য সামনে রেখে প্রয়োজনীয় কারিগরি ও পরিচালনাগত কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র বাংলাদেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প। রাশিয়ার কারিগরি ও আর্থিক সহযোগিতায় নির্মিত এ কেন্দ্রের দুটি ইউনিটের প্রতিটির পরিকল্পিত উৎপাদনক্ষমতা ১ হাজার ২০০ মেগাওয়াট। দুটি ইউনিটই পূর্ণ সক্ষমতায় চালু হলে জাতীয় বিদ্যুৎ ব্যবস্থায় মোট ২ হাজার ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হওয়ার কথা।বাংলাদেশ অর্থনীতি
প্রথম ইউনিটে পরীক্ষামূলক উৎপাদন শুরু এবং দ্বিতীয় ইউনিটের জন্য জ্বালানি সরবরাহের মধ্য দিয়ে প্রকল্পটির কার্যক্রমে নতুন অগ্রগতি এসেছে। তবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরুর সময় নির্ভর করবে পরীক্ষার ফলাফল, নিরাপত্তা যাচাই এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রয়োজনীয় অনুমোদনের ওপর।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!