বিপ্লবী পরিষদের প্রধান সংগঠক হলেন শাকিল 
আপ বাংলাদেশের খুলনা মহানগরের সাবেক যুগ্ম আহ্বায়ক মো. শাকিল আহমেদ।   ছবি: আরটিএনএন

মুসলিম জাতীয়তাবাদী রাজনৈতিক দল জাতীয় বিপ্লবী পরিষদে যোগ দিয়ে প্রধান সংগঠকের দায়িত্ব পেয়েছেন আপ বাংলাদেশের খুলনা মহানগরের সাবেক যুগ্ম আহ্বায়ক মো. শাকিল আহমেদ।

রবিবার (১৭ মে) বিকালে জাতীয় বিপ্লবী পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক যোগদান অনুষ্ঠানে মিষ্টি মুখ করিয়ে তাকে বরণ করে নেন দলের আহ্বায়ক খোমেনী ইহসান ও নবাব সলিমুল্লাহ একাডেমীর চেয়ারম্যান আব্দুল জব্বার।

এ সময় উপস্থিত ছিলেন জাতীয় বিপ্লবী পরিষদের সহকারী সদস্য সচিব গালীব ইহসান, সদস্য সাইদুল ইসলাম ও বিপ্লবী ছাত্র পরিষদের সহকারী সদস্য সচিব মো. আরিফুল ইসলাম।

দলে অন্তর্ভুক্ত করার পর মো. শাকিল আহমেদের হাতে জাতীয় বিপ্লবী পরিষদের পরিচিতি, আচরণবিধি ও প্রধান সংগঠক মনোনয়নের চিঠি তুলে দেন খোমেনী ইহসান। 

তিনি বলেন, জুলাই বিপ্লবের পর গঠিত প্রথম রাজনৈতিক দল জাতীয় বিপ্লবী পরিষদের গণভিত্তি গড়ে তুলতে মো. শাকিল আহমেদ দায়িত্ব পালন করবেন। তার নেতৃত্বে সারা দেশে দলের সংগঠক সংগ্রহ করা হবে। সংগঠকরা মহানগর, জেলা ও উপজেলায় দলের কমিটি গঠন করবেন। 

মো. শাকিল আহমেদ বলেন, চব্বিশের জুলাই বিপ্লবের সময় খুলনায় আন্দোলন গড়ে তোলার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে মুসলিম জাতীয়তাবাদী আদর্শের ভিত্তিতে তাকওয়া, ইনসাফ ও ইহসানের রাজনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠায় আমি ভূমিকা রাখব ইনশাআল্লাহ। আমাদের প্রধান দায়িত্ব হবে সারা দেশে দলকে ব্যাপকভাবে সংগঠিত করা।

জাতীয় বিপ্লবী পরিষদের এ নতুন নেতা রাজনীতিতে আগ্রহী তরুণদের জাতীয় বিপ্লবী পরিষদের সংগঠকের ভূমিকা পালনের আহ্বান জানান। আগ্রহীদের তিনি সরাসরি তার সঙ্গে সরাসরি যোগাযোগ করতে +8801768651249 এ ফোন করার অনুরোধ করেছেন।

অনুষ্ঠানে নবাব সলিমুল্লাহ একাডেমীর চেয়ারম্যান আব্দুল জব্বার মুসলিম আত্মপরিচয়ের রাজনীতির গুরুত্ব তুলে ধরে পরামর্শমূলক বক্তৃতা করেন। পরে জাতীয় বিপ্লবী পরিষদের সমৃদ্ধি কামনা করে মহান আল্লাহর কাছে দোয়া করেন।